আমরা ভাগ্যবান মুস্তাফিজ আমাদের বোলিং লাইনআপের অংশ: হারিস

পিএসএল
পিএসএল
পিএসএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের হয়ে পারফর্ম করার পাশাপাশি বিশ্ব জুড়ে নিয়মিতই টি-টোয়েন্টি লিগ খেলে বেড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল, পিএসএলের পাশাপাশি আইএল টি-টোয়েন্টিতেও খেলেছেন বাঁহাতি এই পেসার। স্লোয়ার, কাটারের প্রতিপক্ষের ব্যাটারকে আটকে রেখে পেয়েছেন চারশর বেশি টি-টোয়েন্টি উইকেট। এমন একজনকে বোলিং লাইনআপে পেয়ে নিজেদের ভাগ্যবান মানছেন হারিস রউফ।

সবশেষ কয়েক বছরে নিয়মিতই আইপিএল খেলেছেন মুস্তাফিজ। ২৮ মার্চ শুরু হতে যাওয়া ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে দুই দেশের রাজনৈতিক অস্থিরতায় কপাল পুড়ে ৯ কোটি ২০ লাখ রুপির বাংলাদেশি পেসারের। আইপিএল থেকে বাদ পড়ে ২০১৮ সালের পর পিএসএলে ফিরেছেন মুস্তাফিজ। পাকিস্তানের লিগে ফেরার ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি।

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসে একটি ওয়াইডসহ ৪ রান দেন ৩০ বছর বয়সি এই পেসার। পরের ওভারে ৫ রান দেওয়ার পাশাপাশি স্লোয়ারে নিয়েছেন ইরফান খান নিয়াজির উইকেট। শেষ দুই ওভারে দিয়েছেন আরও ১০ রান। সব মিলিয়ে ৪ ওভারে ১৯ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। শাহীন আফ্রিদি, হারিসদের সঙ্গে মুস্তাফিজ— লাহোরের পেস ইউনিটকে ভয়ঙ্কর করে তুলেছে।

বয়স মাত্র ৩০ হলেও অভিজ্ঞতায় ভরপুর মুস্তাফিজের ক্যারিয়ার। এমন একজনের কাছ থেকে শেখার সুযোগটাও নিতে চান হারিস। লাহোরের তারকা পেসার বলেন, ‘মুস্তাফিজুর রহমান পুরো বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগ খেলে। সে বাংলাদেশের জন্য অনেক ভালো পারফরম্যান্স করেছে। আমরা ভাগ্যবান যে সে আমাদের বোলিং লাইনআপের অংশ হয়েছে।’

‘আমি নিজেও ওর থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। ওর অনেক অভিজ্ঞতা আছে; হয়তো ওর কোনো কথা আপনার ভালো লেগে যেতে পারে। আমি যেখানেই যাই, শেখার চেষ্টা করি। শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না, তাই চেষ্টা করি কারও না কারও কাছ থেকে নতুন কিছু শেখার, যা আমার কাজে আসবে।’

২০১৭-১৮ মৌসুমে লাহোরের হয়ে পিএসএলে অভিষেক হয় মুস্তাফিজের। একই মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে অভিষেক হয় শাহীন আফ্রিদিরও। কয়েক বছর পর আবারও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন শাহীন আফ্রিদি ও মুস্তাফিজ। যেখানে বাংলাদেশের তারকা পেসারের অধিনায়ক শাহীন আফ্রিদি। আবারও মুস্তাফিজকে লাহোরে পেয়ে উচ্ছ্বসিত তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহীন আফ্রিদি বলেন, ‘আমি এবং মুস্তাফিজ একই সময়ে লাহোরে এসেছিলাম। এখন একসাথে খেলছি। তাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত আমরা। হারিস রউফও বেশ ভালো করেছে। আমরা এমন একটি শুরুই চেয়েছিলাম।’

আরো পড়ুন: