পিএসএল ছেড়ে আইপিএলে যাচ্ছেন শানাকাও

আইপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কুঁচকির চোটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুম থেকে ছিটকে গেছেন স্যাম কারান। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় রাজস্থান রয়্যালসে খেলতে যাচ্ছেন দাসুন শানাকা। সব ঠিক থাকলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বাদ দিয়ে আইপিএলে খেলবেন শ্রীলঙ্কার অধিনায়ক।

গত ডিসেম্বরে আইপিএল নিলামের আগে ট্রেডে রাজস্থান ছেড়ে চেন্নাই সুপার কিংসে যান সাঞ্জু স্যামসন। ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে পেতে রবীন্দ্র জাদেজা ও কারানকে রাজস্থানে পাঠায় চেন্নাই। সব ঠিক থাকলে রাজস্থানের হয়েই আইপিএল খেলতেন কারান। তবে কুঁচকির চোটে আইপিএলের পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।

আইপিএল নিলামে দল না পাওয়ায় শানাকার খেলার কথা ছিল পিএসএল। নিলাম থেকে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ককে দলে নেয় লাহোর কালান্দার্স। তবে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলা হচ্ছে না শানাকার। পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শানাকা। নিজের এমন সিদ্ধান্তের কথা লাহোরকে জানিয়েছেনও তিনি।

কারান ছিটকে যাওয়ার পরই তার বদলি হিসেবে শানাকার সঙ্গে আলাপ শুরু করে রাজস্থান। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কুমার সাঙ্গাকারা যুক্ত থাকায় কাজটা সহজ হয়েছে তাদের। দ্রুতই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। পিএসএলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে যাচ্ছেন শানাকা।

এর আগে পাকিস্তানের পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন ব্লেসিং মুজারাবানি। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কথা ছিল জিম্বাবুইয়ান পেসারের। তবে মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আরো পড়ুন: