এ অবস্থায় বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠেছে। ২৬ মার্চ শুরু হওয়ার কথা পিএসএলের এবারের আসরের, যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর মাত্র দুই দিন আগে। এই আসরে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পিএসএলে খেলার কথা রয়েছে।
অস্ট্রেলিয়ার সরকার খেলোয়াড়দের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিলেও সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষ করে পেশোয়ার শহরকে ‘ভ্রমণ না করার’ তালিকায় রাখা হয়েছে। এই শহরেই একটি ম্যাচ আয়োজনের কথা থাকায় সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২৮ মার্চ পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি রাইডার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে। দুটি দলেই অস্ট্রেলিয়ান ক্রিকেটার থাকায় তাদের অংশগ্রহণ নিয়েও সংশয় তৈরি হয়েছে। অ্যারন হার্ডি জালমির হয়ে এবং জেক ফ্রেজার ম্যাকগার্ক অন্য দলে আছেন।
তবে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখার কথাও জানানো হয়েছে। প্রয়োজনে ব্যক্তিগত বিমানের মাধ্যমে দ্রুত সরিয়ে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে বিদেশি খেলোয়াড়দের।
এদিকে আফগানিস্তানের ক্রিকেটারদের একটি বড় অংশ এবারের নিলাম থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, ফজলহক ফারুকিসহ কয়েকজন প্রথমে নাম দিলেও পরে সরে দাঁড়ান।
ধারণা করা হচ্ছে, রহমানউল্লাহ গুরবাজকে সরাসরি দলে নেয়া নিয়ে বিতর্কের পরই এই সিদ্ধান্ত আসে। সব মিলিয়ে, চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এবারের পিএসএল আয়োজন ও বিদেশি অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।