বাংলাদেশ না থাকায় শুরু থেকেই ইডেনে দর্শক কম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেটাই বাস্তব হচ্ছে। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উঠে এসেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি খুবই ধীরগতির। টিকিট কাউন্টারগুলোতে অল্প সংখ্যক মানুষ দেখা যাচ্ছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট স্টলগুলোর অবস্থাও একই রকম। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে একসঙ্গে ছয়জনের বেশি দর্শক খুব কমই দেখা গেছে। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার ইডেনে বিশ্বকাপের ম্যাচ ঘিরে তেমন ভিড় চোখে পড়ছে না।
সংখ্যাগুলোই বিষয়টা স্পষ্ট করে দিচ্ছে। এখন পর্যন্ত সব ম্যাচ মিলিয়ে ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি। ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড ম্যাচে বিক্রি হয়েছে দুই হাজার ৯১৭টি টিকিট। স্কটল্যান্ড-ইতালি ম্যাচে মাত্র ৩৪৮টি। ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে বিক্রি দুই হাজার ৭৫টি, আর ইংল্যান্ড-ইতালি ম্যাচে চার হাজার ৯৭০টি টিকিট কেটেছেন দর্শকরা। ওয়েস্ট ইন্ডিজ-ইতালি ম্যাচে এখন পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে এক হাজার ২৪৮টি।
গ্রুপপর্বের বাইরে সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে মোট টিকিট বিক্রি হয়েছে প্রায় ৯ হাজার। গ্রুপপর্বে ভারতের কোনও ম্যাচ না থাকাও দর্শক আগ্রহ কমার একটি বড় কারণ বলে মনে করছেন অনেকে। বাংলাদেশের অনুপস্থিতিতে যে বাড়তি আগ্রহ ছিল, সেটিও আর দেখা যাচ্ছে না।
তবে আয়োজক সংস্থা সিএবির আর্থিক ক্ষতি হচ্ছে না। ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছ থেকে যে অর্থ পাওয়া যাচ্ছে, তাতেই খরচ উঠে যাচ্ছে। মাঠে দর্শক টানতে আলাদা কোনও উদ্যোগও নেয়া হয়নি। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড দলের আজ কলকাতায় পৌঁছানোর কথা। শুক্রবার অনুশীলনের পর রবিবার ম্যাচ খেলতে নামবেন শাই হোপ ও তার দল।