শিরোপাতেই চোখ শান্তদের নর্থ জোনের

বিসিএল ফাইনাল
অনুশীলনে নর্থ জোন, বিসিবি
অনুশীলনে নর্থ জোন, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সর্বশেষ বিপিএলটা দারুণ গেছে নাজমুল হোসেন শান্তর। ১৩ ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৩৫৫ রান। এরপর বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। এই সময় বিসিবি আয়োজন করেছিল অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে ৩ ম্যাচে মোটে ১৪ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর বিসিএল ওয়ানডেতেও ব্যাট হাসেনি শান্তর। ৩ ম্যাচে করেছেন ৭২ রান। এর মধ্যে এক ম্যাচেই খেলেছেন ৬৮ রানের ইনিংস। বাকি দুই ম্যাচে ০ ও ৪। এমন পারফরম্যান্সের পরও শান্তর ওপর ভরসা রাখছেন বিসিএলের নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। ব্যাট হাতে পারফর্ম করতে না পারলেও তার নেতৃত্বের প্রশংসা করেছেন তারেক আজিজ।

বিসিএল ফাইনালের আগে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘নেতৃত্বের সিদ্ধান্ত তো বোর্ড নেয়। তবে এটা বলতে পারি যে আমরা যে দলটা (নর্থ জোন) নিয়ে কাজ করছি, সেখানে শান্ত একজন অসাধারণ অধিনায়ক। ওর নেতৃত্বগুণ নিয়ে আমাদের ভেতর কোনো সন্দেহ নেই। আমরা কয়েকটা টুর্নামেন্টে একসঙ্গে কাজ করেছি, আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। শান্ত যেভাবে পারফর্ম করছে এবং দলকে নেতৃত্ব দিচ্ছে দলের জন্য সেটা ইতিবাচক দিক।’

চার দল নিয়ে চলমান বিসিএলে প্রথমে তিনটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। টানা দুই জয়ের পর তৃতীয় ম্যাচে হেরে যায় নর্থ জোন। এরপরও টেবিলের শীর্ষে থেকে ফাইনালে পা রেখেছে শান্তরা। শিরোপার প্রত্যাশা নিয়ে তারেক আজিজ বলেন, ‘সত্যি বলতে আমরা ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি। আমাদের দলটাতে অনেক ভারসাম্য আছে। আমরা আসলে শিরোপা জেতার দিকেই নজর রেখেছি।’

বিসিএলের পরই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন পাকিস্তান সিরিজে। জাতীয় দলের ক্রিকেটারদের অধিকাংশই খেলবেন ফাইনালে। ফলে পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্যও বড় মঞ্চ বিসিএল ফাইনাল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তান দলের।

ক্রিকেটারদের প্রস্তুতি নিয়ে তারেক আজিজ বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে মানিয়ে নেওয়ার জন্য এটি একটি ভালো প্রস্তুতি। এ ধরনের প্রস্তুতির দরকার ছিল এবং সব টিমেই জাতীয় দলের খেলোয়াড়রা আছে, নর্থ জোনে হয়তো একটু বেশি আছে। আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসেবে এটা একটা ভালো সুযোগ।’