বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ মাকেতা

বাংলাদেশ ক্রিকেট
মালিবংওয়ে মাকেতা
মালিবংওয়ে মাকেতা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কোচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কোচ হিসেবে বেশ অভিজ্ঞই বলা চলে মাকেতাকে। তিনি দুই দশক ধরে কোচ হিসেবে বিভিন্ন দলের দায়িত্ব পালন করেছেন। কোচ হিসেবে তিনি সাউথ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ, দেশটির 'এ' দলের প্রধান কোচ, প্রোটিয়াদের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ও একাডেমীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমনকি ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি সাউথ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় ছিলেন। এমনকি ২০১৯ বিশ্বকাপেও প্রোটিয়াদের কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি। সাউথ আফ্রিকা দলের সঙ্গে অস্ট্রেলিয়া ও ভারত সিরিজে কাজের অভিজ্ঞতা আছে তার।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী দলের কোচিং প্যানেলে ছিলেন মাকেতা। তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করা বিস্তর অভিজ্ঞতা রয়েছে এই প্রোটিয়া কোচের। সর্বশেষ তিনি সাউথ আফ্রিকার যুব দল ও একাডেমীর প্রধানের দায়িত্ব পালন করেছেন। সাউথ আফ্রিকার ঘরোয়া ওয়ানডে কাপে দ্বিতীয় বিভাগের শিরোপাও জিতেছেন তিনি কোচ হিসেবে।

বাংলাদেশের দায়িত্ব পেয়ে দারুণ আনন্দিত মাকেতা। তিনি বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার অপেক্ষায় আছি।’

প্রোটিয়া এই কোচ আরও যোগ করেন, ‘আমাদের দলে অনেক তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটার আছে। ফিল (ফিল সিমন্স) ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের উন্নতিতে সহায়তা করতে চাই। এই সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে এই নতুন যাত্রা শুরু করতে এবং অবদান রাখতে আমি উচ্ছ্বসিত।’

আরো পড়ুন: