যদিও ডারউইনে সিরিজের প্রথম টেস্ট জেতার ফলে সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অস্ট্রেলিয়া দলকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি মনে করেন অস্ট্রেলিয়া এই টেস্টে নিজেদের সামর্থ্য ও মানসিক দৃঢ়তা দেখিয়েছে।
পাশাপাশি সেরা ক্রিকেট না খেলতে পারার আক্ষেপ নিয়ে তিনি বলেন, 'আমরা জানি, অস্ট্রেলিয়া কতটা ভালো দল। তারা তাদের সামর্থ্য ও মানসিক দৃঢ়তা দেখিয়েছে। এই টেস্টে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। কন্ডিশনও ছিল ভিন্ন। বাড়তি বাউন্স ছিল, বাতাসে সুইংও ছিল।'
ম্যাকাইতে খেলা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং ছিল বলে দাবি করেছেন শান্ত। তবে সামনে এগোতে চাইলে এমন কন্ডিশনেও ভালো খেলার জন্য নিজেদের পারফরম্যান্সে উন্নতি করার জোর দিয়েছেন তিনি। তবে এই অভিজ্ঞতা সামনে কাজে লাগবে বলে বিশ্বাস তার।
শান্ত বলেন, 'আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং ছিল। তবে দল হিসেবে আমরা যদি সামনে এগোতে চাই, তাহলে এই ধরনের কন্ডিশন মোকাবিলার জায়গাগুলোতে উন্নতি করতে হবে। আমার মনে হয়, এই অভিজ্ঞতা সামনে এগিয়ে যেতে আমাদের সাহায্য করবে।'
ম্যাকাইয়ের পেস বান্ধব উইকেটে রীতিমতো আগুন ঝরিয়েছেন মিচেল স্টার্ক-প্যাট কামিন্সরা। স্টার্ক প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন তিনি। কামিন্স দুই ইনিংসেই ৩টি করে উইকেট পেয়েছেন। বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম এক ইনিংসেই নিয়েছেন ৭ উইকেট।
ম্যাকাইয়ের উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না দাবি করে শান্ত বলেন, 'সব ব্যাটসম্যানের জন্যই ব্যাটিং করা বেশ কঠিন ছিল। শরিফুলের বিপক্ষে তাদের ব্যাটিংয়েও সংগ্রাম করতে হয়েছে। সত্যি বলতে, ব্যাটিংয়ের জন্য উইকেটটা বেশ কঠিন ছিল।'