ল্যাবুশেনকে বাদ দেয়ার সময় এসে গেছে, দাবি পন্টিংয়ের

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
রিকি পন্টিং ও মার্নাস ল্যাবুশেন
রিকি পন্টিং ও মার্নাস ল্যাবুশেন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টেস্ট সময়টা মোটেই ভালো যাচ্ছে না মার্নাস ল্যাবুশেনের। বাংলাদেশের বিপক্ষেও ব্যাট হাতে কোনো বড় ইনিংস খেলতে পারেননি। ডারউইনে প্রথম টেস্টে তিনি করেন ১ ও ৩১ রান। আর ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে বোল্ড হন তিনি। এমন পারফরমান্সের পর অনেকেই ল্যাবুশেনের কড়া সমালোচনা করেছেন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং তো মনে করেন ল্যাবুশেনের জায়গায় অন্য কাউকে দেখার সময় এসে গেছে। নির্বাচকরা তাকে নিয়ে অনেক চেষ্টা করেছেন। এর প্রশংসা করেছেন তিনি। পন্টিং জানিয়েছেন তিনি নির্বাচকদের জায়গায় থাকলে বাংলাদেশ সিরিজের শুরুতেই তাকে বাদ দিতেন।

চ্যানেল সেভেনে কথা বলার সময় পন্টিং বলেন, 'মার্নাসকে নিয়ে তারা (নির্বাচকরা) যা করার চেষ্টা করছেন, তার প্রশংসা করি আমি। প্রশংসা করি যে, তারা তাকে দলে নেওয়ার এবং সেরা ফর্মে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, কিন্তু সেটাও অনেকদিন হয়ে গেছে। আমি হলে এই সিরিজের শুরুতেই এই পরিবর্তন আনতাম। কারণ আমি মনে করি, এটা বলার মতো যথেষ্ট প্রমাণ ছিল যে, সেরা ফর্মে ফেরা থেকে সে অনেক দূরে।'

তিনি আরও যোগ করেন, 'আজ সে দুর্ভাগা ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন কেউ খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় এবং ফর্ম ও ছন্দ পাওয়ার চেষ্টা করে, তখন তার সঙ্গেই এমনটা হয়। তাকে নিয়ে আমার যে উদ্বেগ, আমার মনে হয় তার কিছু কৌশলগত ঘাটতি আছে। সে ব্যাকফুটে থেকে রান করতে পারে না। টেস্ট ক্রিকেটে ব্যাকফুটে থেকে রান করতে না পারলে, ব্যাটিং কঠিন হয়ে দাঁড়ায়। তাই আমি সত্যিই মনে করি, এখন অন্য কাউকে দেখার সময় এসেছে।'

অবশ্য পন্টিং পরিস্কার করে বলেছেন তিনি তাড়াহুড়ো করে দলে পরিবর্তন আনার পক্ষে নন। তবে ফর্মে ফেরার জন্য ল্যাবুশেনকে যথেষ্ট সময় দেয়া হয়েছে বলে দাবি এই সাবেক অধিনায়কের। দুই বছর ধরে টেস্টে যে সেঞ্চুরি পাননি ল্যাবুশেন সেটাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই অধিনায়ক। এ ছাড়া ২০২৩ সালের জুলাইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে সবশেষ সেঞ্চুরির পর থেকে তার ব্যাটিং গড় কেবল ২৪.৬৯।

তিনি বলেন, 'ভুল বুঝবেন না, শুধু গত সপ্তাহে হেরেছি বলেই আমি তাড়াহুড়ো করে দলে কোনো পরিবর্তন আনার পক্ষে নই। ব্যাপারটা তা ছিল না। আমার সঙ্গে যারা খেলেছে, তারা বলবে যে, (ছন্দ খুঁজে ফেরা) খেলোয়াড়দের আমার দলে রাখার জন্য সম্ভাব্য সবকিছুই আমি করতাম। আমি কোনো পরিবর্তন আনতে চাইনি, কিন্তু যখন কোনো বিষয় এতটা দীর্ঘায়িত হয় (তখন সেটা প্রয়োজন) এবং দুই বছরেরও বেশি সময় হয়ে গেছে সে কোনো টেস্ট ম্যাচে শতক করেনি।'

আরো পড়ুন: