প্রথম টেস্টের পর কোনো প্রকার দ্বিধা না রেখে নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘যেকোনো সংস্করণে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।’ শুধু টেস্ট অধিনায়ক, সাবেক ক্রিকেটার, সমর্থক কিংবা দুনিয়ার বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষকরাই এটাকেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয় হিসেবে দেখছেন। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বড় আলোচনার নাম বাংলাদেশ।
ভারত, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররাও প্রশংসা করতে ভুল করেননি। ইংল্যান্ডের স্টিফেন ফিন, স্টুয়ার্ড ব্রডরা তো অস্ট্রেলিয়াকে খোঁচাও দিতে ভুলে যাননি। বাংলাদেশের প্রশংসার পাশাপাশি অস্ট্রেলিয়ার ভুল নিয়েও ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। পুরো টেস্ট জুড়ে ফক্স ক্রিকেটের ধারাভাষ্য কক্ষে ছিলেন হিলি। বাংলাদেশ কতটা ভালো খেলেছেন সেটা স্বচক্ষে দেখেছেন তিনি।
প্রথম টেস্ট শেষের পর ‘কিপিং ইট ক্রিকেট’ নামের পডকাস্টে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। যেখানে হোস্ট যখন অস্ট্রেলিয়ার ভুল নিয়ে আলাপ করতে চাইছিলেন তখন তাকে থামিয়ে দেন হিলি। পাশাপাশি এও জানান, আমাদের উচিত ম্যাচে কী সঠিক হয়েছে সেটা নিয়ে আলাপ করা। সাবেক উইকেটকিপার মনে করেন, এমন জয়ের পরও বাংলাদেশকে যথেষ্ট কৃতিত্ব দেওয়া হচ্ছে না।
এ প্রসঙ্গে হিলি বলেন, ‘আমার মনে হয় না অস্ট্রেলিয়া কী ভুল করেছে সেটা দিয়ে আমাদের পডকাস্ট শুরু করা উচিত। আমার মনে হয় কোনটা সঠিক হয়েছে সেটা আলাপ করা উচিত এবং বাংলাদেশ অনেক কিছুই সঠিকভাবে করেছে। আমার মনে হয় না বাংলাদেশকে যথেষ্ট কৃতিত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা যেভাবে খেলাকে অ্যাপ্রোচ করেছে এবং যেভাবে খেলেছে। বাংলাদেশকে দেখে আমি অভিভূত। তারা প্রতিটা মিনিট উপভোগ করেছে এবং এমন জয় তারা প্রাপ্য।’
একই পডকাস্টে ছিলেন ব্র্যাড হ্যাডিন। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটারও বাংলাদেশের প্রশংসা করেছেন। বাংলাদেশের পুরানো ঘরানার টেস্ট ক্রিকেট খেলার পরিকল্পনা দেখে ভালো লেগেছে তার। পাশাপাশি সফরকারীরা যে খুবই ভালো পরিকল্পনা করেছে, ছোট ছোট মুহুর্তগুলো কাজে লাগিয়েছে সেটাও মনে করিয়ে দিয়েছেন। স্টিভ স্মিথের মতো তিনিও মনে করেন, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে।
হ্যাডিন বলেন, ‘বাংলাদেশ সবচেয়ে ভালো যে জিনিসটা করেছে সেটা হচ্ছে পুরনো ঘরানার টেস্ট ক্রিকেট খেলেছে। তাদের দেখে মনে হয়েছে তারা খুবই ভালো পরিকল্পনা করেছে, ছোট ছোট মুহূর্তগুলো কাজে লাগিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশ আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, সুযোগগুলো আমাদের চেয়ে বেশি কাজে লাগিয়েছে। তাদের ব্যাটাররা লম্বা সময় উইকেটে পড়ে ছিল। তারা দারুণ পারফরম্যান্স করেছে। বাংলাদেশ আমাদেরকে উড়িয়ে দিয়েছে।’