টপ এন্ড সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজ
ইরফান শুক্কুর
ইরফান শুক্কুর
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। বরাবরের মতো পুরো টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে ডারউইনে। এরই মধ্যে সেখানে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এইচপি দলের অধিনায়ক ইরফান শুক্কুর।

তিনি জানিয়েছেন তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবেন। এর আগে টপ এন্ড সিরিজে নিজেদের প্রথম অংশগ্রহণেই রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। যদিও সর্বশেষ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। এবার শিরোপার স্বপ্ন দেখছে শুক্কুরের দল। এইচপি দলের অধিনায়ক নিজেদের দলের পারফরম্যান্স নিয়ে বেশ আশাবাদী।

তিনি গণমাধ্যমকে বলেন, 'আমি মনে করি প্রত্যেকবারই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছিলাম। একবার রানার্স-আপ, আরেকবার হয়তো প্রথম রাউন্ডেই বাদ পেড়েছিলাম। আর এখন আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, তবে আমরা ম্যাচ ধরে ধরে এগোনোর জন্য চেষ্টা করব।'

এইচপি দলের কোচিং প্যানেলে যুক্ত আছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। এই দুজনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এইচপির জন্য দারুণ ব্যাপার হবে বলে মনে করেন শুক্কুর।

তিনি বলেন, 'আপনারা যদি দেখেন দুজনেই কিন্তু এখনো ক্রিকেট পুরোটা ছাড়েনি, প্রথম শ্রেণীর ম্যাচ খেলছে। সুতরাং আমি মনে করি উনাদের মাঠের অভিজ্ঞতাটা আমাদের সাথে ভাগাভাগি করে খুব ভালো একটা জিনিস হবে।'

হাই পারফরম্যান্স দলে সুযোগ পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা তারকা ব্যাটার সাব্বির রহমান। এ ছাড়া শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিসান আলমের মতো ক্রিকেটার আছেন দলটিতে। ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের তৃতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ।

নেপাল জাতীয় দলের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেবে নিউজিল্যান্ড 'এ' দলও। এ ছাড়াও থাকবে বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, বাংলাদেশের অভিযান শুরু হবে ২২ আগস্ট শনিবার, নেপালের বিপক্ষে।

আরো পড়ুন: