অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ডারউইনে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাও আবার সাড়ে ৩ দিনে। এমন অবিশ্বাস্য ম্যাচে ১১টি সেশনেই অজিদের ডমিনেট করেছে বাংলাদেশ। এশিয়ার কোনো দলের অস্ট্রেলিয়ার মাটিতে এমন পারফরম্যান্স একেবারেই বিরল।

সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তখন অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন বাংলাদেশ এই ম্যাচে তৃতীয় দিনে নিয়ে যেতে পারবে কিনা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে বিস্ময় উপহার দিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন এবার তাদের লক্ষ্য হোয়াইটওয়াশ। এই জয়ের পর দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হককেও প্রশংসায় ভাসিয়েছেন তিনি। জানিয়েছেন তারা তরুণদের দারুণভাবে উৎসাহ দিয়েছেন।

তাদের প্রশংসা করে শান্ত বলেন, 'আমি আমাদের ছেলেদের পারফরম্যান্সে ভীষণ খুশি ও গর্বিত। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ফাস্ট বোলারদের মধ্যে। তারা এখন সামনে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছে। গত কয়েক বছরে ফাস্ট বোলারদের টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত করা হয়েছে, সেটিও আমাদের জন্য আনন্দের বিষয়। তরুণদের সমর্থন করার জন্য সব কৃতিত্ব মুশফিক ভাই ও মুমিনুলের।'

এই টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়ে ম্যাচের সুর বেধে দিয়েছিলেন পেসার হাসান মাহমুদ। এরপর তানজিদ হাসানের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় লিড নেয় বাংলাদেশ। শান্তর বিশ্বাস এই জয় ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে অনুপ্রেরণা যোগাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

শান্ত ম্যাচ শেষে বলেছেন, 'তানজিদ দারুণ খেলেছে। টপ অর্ডারে ভালো করতে পেরে ওর জন্য আমি সত্যিই খুব খুশি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি। এই জয় ভবিষ্যতে আমাদের বিশেষ কিছু করার জন্য উৎসাহ জোগাবে।'

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে শান্ত যোগ করেন, 'আমরা সিরিজে হোয়াইটওয়াশের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে এজন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং খেলার সব বিভাগেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। যারা আমাদের সমর্থন করেছেন, সেই সব ভক্তকে আমি ধন্যবাদ জানাতে চাই।'

আরো পড়ুন: