‘ভারত সিরিজ না হলে বিসিবি ক্ষতিগ্রস্থ হবেই’

ভারত-বাংলাদেশ সিরিজ
রোহিত শর্মা ও লিটন দাস
রোহিত শর্মা ও লিটন দাস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে ৬টি সাদা বলের ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। এরই মধ্যে বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সময়ও নির্ধারণ করে রেখেছে।

যদিও সিরিজটি বড় শঙ্কা তৈরি হয় দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতির ফলে। এরপর একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজের সূচি ঘোষণার পর সেই শঙ্কা আরও বেড়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের চূড়ান্ত করা প্রাথমিক সূচির শেষ দিনই শুরু হবে ভারত ও আফগানিস্তান সিরিজ। তবে আফগানিস্তানের সূচি চূড়ান্ত করার পরও বাংলাদেশ সিরিজ সরাসরি বাতিল বলা যাবে না। কারণ সিরিজটি পরিবর্তিত সূচিতে আয়োজনের সুযোগ আছে। সিরিজটি নিয়ে এখনও আশা ছাড়েনি বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানি।

আগামী কয়েকদিনের মধ্যে এই সিরিজ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 'আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, চালাচ্ছি বা এরকম একটা পর্যায়ে আছে। তো এখনই কী অবস্থায় আছে, এটা আমার মনে হয় আরও দু চার দিন গেলে বা এটা আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিতে পারব, সেটাই ভালো হবে।'

ভারত সিরিজ না হলে নিশ্চিতভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশকে। আর্থিক বা অন্যান্য দিক থেকে ভারত সিরিজের তাৎপর্য অনেক। তাই ক্ষতির বিষয়টি মেনে নিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। তবে ভারত সিরিজ যদি আসলেই না হয় তবে এই ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সব রকমের চেষ্টা করবে বিসিবি।

এ প্রসঙ্গে আসিফ রব্বানি বলেন, 'বাংলাদেশ ভারত সিরিজ অবশ্যই বিপণনের দৃষ্টিকোণ থেকে অনেক লাভজনক একটা সিরিজ, সবদিক থেকেই। এবং এখানে ধরেন আর্থিক বলেন এবং অন্যান্য দিক, সবদিক থেকে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল, গুরুত্বপূর্ণ। তো সে ক্ষেত্রে যদি সিরিজ না হয়, তো সেখানে তো কিছুটা ক্ষতিগ্রস্ত বিসিবি হবেই। তবে ইনশাল্লাহ আমরা অন্যভাবে এটাকে পূরণ করা যায় কিনা আগামীতে, সেটার চেষ্টা করব।'

আরো পড়ুন: