বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে গ্রিনের সাম্প্রতিক পারফরম্যান্স ও ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, গ্রিনকে কখনো তিন, কখনো চার, পাঁচ, ছয় কিংবা সাত নম্বরে খেলানো হয়েছে। দলের প্রয়োজন ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই তাকে বিভিন্ন পজিশনে খেলতে হয়েছে বলে মনে করেন তিনি।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম 'দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান'কে দেয়া সাক্ষাৎকারে ম্যাকডোনাল্ড বলেন, 'আমরা বিশ্বাস করি ক্যাম গ্রিন খুবই দক্ষ একজন খেলোয়াড়। অনেক সময় তার পারফরম্যান্সকে সঠিক প্রেক্ষাপটে দেখা হয়নি। দলের অন্য ব্যাটারদের মতো সেও এমন কিছু কন্ডিশনে অবদান রাখার চেষ্টা করেছে, যেগুলো ব্যাটিংয়ের জন্য খুব একটা সহায়ক ছিল না।'
তিনি আরও বলেন, 'ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তাকে তিন থেকে সাত নম্বর পর্যন্ত খেলানো হয়েছে। তার ফর্ম, দলের পরিস্থিতি এবং অন্যদের সঙ্গে সমন্বয় করার প্রয়োজন থেকেই মূলত এমনটা হয়েছে।'
গত মার্চে সিডনিতে ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে সেঞ্চুরি করে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন গ্রিন। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। এরপর আইপিএলেও ভালো করতে পারেননি গ্রিন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিদেশি ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পর তার পারফরম্যান্স ছিল হতাশাজনক।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার খালি থাকা পাঁচ নম্বর পজিশনের জন্য গ্রিনকেই সবচেয়ে এগিয়ে রাখছেন ম্যাকডোনাল্ড। তবে তিনি মনে করেন, দলের প্রথম ছয় বা সাত ব্যাটারের মধ্যে কোনো অলরাউন্ডার থাকলে তার মূল দায়িত্ব হবে ব্যাটিং করা। এরপর বোলিং দিয়ে দলকে বাড়তি সুবিধা দেওয়াটা হবে তার অতিরিক্ত দায়িত্ব।
ম্যাকডোনাল্ড বলেন, 'আমার মনে হয়, প্রথম ছয় বা সাত ব্যাটারের মধ্যে থাকা যেকোনো অলরাউন্ডারের ক্ষেত্রে ব্যাটিংই হবে মূল দায়িত্ব। বোলিং হবে বাড়তি একটি সুযোগ, যেখানে সে দলকে অবদান রাখতে পারবে,'
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ চূড়ান্ত করার সময় অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য থাকবে ব্যাটিং শক্তি আরও ভালোভাবে নিশ্চিত করা। তবে শেষ পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্সই একাদশ নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ম্যাকডোনাল্ড।
বাংলাদেশের বিপক্ষে একাদশ নির্ধারণের বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচ বলেন, 'দলে এমন একজন থাকাটা অবশ্যই বাড়তি সুবিধা, যার হাতে অনেক ওভার এবং বল হাতে অনেক বিকল্প থাকবে। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ চূড়ান্ত করার সময় মূল আলোচনা হবে কীভাবে আমরা রান করার জায়গাটা আরও শক্তিশালী করতে পারি। সেটাই আদর্শ হবে। তবে শেষ পর্যন্ত পারফরম্যান্সই আমাদের পথ দেখাবে এবং অনেক কিছু নির্ধারণ করবে।'