সুদর্শনের চোটে ভারতের টেস্ট দলে ফিরলেন সরফরাজ

শ্রীলঙ্কা-ভারত সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোট থেকে সেরে উঠবেন এমন আশায় শ্রীলঙ্কা সফরে ভারতের টেস্ট দলে সাই সুদর্শনকে রেখেছিলেন নির্বাচকরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেরে উঠতে না পারায় দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁহাতি এই ব্যাটার। সুদর্শনের জায়গায় ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন সরফরাজ খান।

১৫ আগষ্ট গলে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন সফরাজ। লম্বা সময় পর ভারতের টেস্ট দলে ফিরলেন তিনি। সবশেষ ২০২৪ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। পরবর্তীতে আর টেস্ট দলে সুযোগ মেলেনি তার।

ঘরোয়া ক্রিকেট রানের বন্যা বইয়ে দিয়ে এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬ টেস্ট খেলেছেন সরফরাজ। যেখানে একটি সেঞ্চুরির সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরিও করেছেন। রঞ্জি ট্রফির ২০২৫-২৬ মৌসুমেও রান পেয়েছেন তিনি। ৫৩.৬২ গড়ে ৯ ইনিংসে করেছেন ৪২৯ রান। দুলীপ ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডেও ছিলেন সরফরাজ।

২৩ আগষ্ট থেকে ১০ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টটি। তবে জাতীয় দলে ডাক পাওয়ায় বেশ প্রথম রাউন্ড মিস করতে পারেন তিনি। চোটের কারণে গত মৌসুমে খেলতে পারেননি সরফরাজ। এমনকি গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পর থেকে পেশাদার ক্রিকেটের বাইরে আছেন ডানহাতি এই ব্যাটার। তবে সুদর্শনের বদলি হিসেবে টেস্ট দলে যোগ দিতে হচ্ছে তাকে।

গত জুলাইয়ে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করেছিলেন সুদর্শন। সেই সময় যথাক্রমে ১৩২, ৭*, ১৬৮ ও ২৫* রান করেছিলেন। পরবতৃতীতে পায়ের আঙুলে স্ট্রেস ফ্র্যাকচার নিয়ে সেন্টার অব এক্সিলেন্সে যেতে হয় বাঁহাতি ব্যাটারকে। শ্রীলঙ্কা সফরের আগে সেরে উঠবেন এমন ভাবনায় স্কোয়াডে রাখা হয়েছিল তাকে। তবে সেরে না উঠায় বিকল্প ভাবতে হয়েছে নির্বাচকদের।

সুদর্শন থাকলে তিন নম্বরে ব্যাটিং করতেন। তবে বাঁহাতি ব্যাটার না থাকায় সেখানে সুযোগ পেতে পারেন দেবদূত পাডিকাল। এসএলসি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নিয়েছেন তিনি। এমন অবস্থায় সরফরাজ একাদশে সুযোগ পাবেন কিনা সেটা নিশ্চিত নয়। সুদর্শনের পাশাপাশি শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন জসপ্রিত বুমরাহ। ডানহাতি পেসারের বদলি হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন আকিব নবী।

ভারতের টেস্ট স্কোয়াড— শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, ইয়াশভি জয়াসাওয়াল, ঋষভ পান্ত, সরফরাজ, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, আকিব নবী, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনর ব্রার, দেবদূত পাডিকাল এবং সারানশ জৈন।

আরো পড়ুন: