বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন ইনজুরি সমস্যা থাকলেও যারা আছেন তাদের নিয়েই লড়াই উপহার দিতে পারবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় গিয়ে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তাই নান্নু আশাবাদী সিরিজের শুরুর আগে এর মধ্যেই সেরা প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ দল।
গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে নান্নু বলেন, 'আমি মনে করি, দলে বেশ কয়েকটি ইনজুরি কনসার্নও আছে। সবকিছু মিলিয়ে আমরা চাইব ভালো ক্রিকেট খেলতে। তবে আগাম বলা কঠিন, দল কেমন করবে। যেহেতু সেখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে, প্রস্তুতির জন্য কিছু সময় আছে, অনুশীলন সেশনও রয়েছে। তাই আমি আশা করি, যদিও এটা চ্যালেঞ্জিং, তারপরও আমরা যেন প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে পারি।'
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে আছেন নিয়মিত সব তারকা ক্রিকেটারই। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড এবং অফ-স্পিনার নাথান লায়ন।
এর আগে গত জুনে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পূর্ণশক্তির দল নিয়ে আসেনি অজিরা। এমন কী ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে হারতে হয়েছে অজিদের। টেস্টে তাই আর এমন পরীক্ষা নিরীক্ষা করছে না অজিরা। নান্নু মনে করেন অস্ট্রেলিয়ার স্পিন বা পেস দুই বিভাগই বিশ্বমানের। তাই তাদের বিপক্ষে চ্যালেঞ্জ গ্রহণ করেই ভালো ক্রিকেট খেলার প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ।
নান্নু বলেন, 'অস্ট্রেলিয়ার পেস বোলিং হোক কিংবা স্পিন আক্রমণ, সবকিছুই বিশ্বসেরা। সেই হিসাবে আমাদের ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে। একই সঙ্গে টোটাল টিম পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভালো করতে হবে। শুধু একটি দিক নিয়ে ভাবলে হবে না। আমার মনে হয়, এই চ্যালেঞ্জ গ্রহণ করে ভালো ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রতিটি খেলোয়াড়কে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।'