আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন তিন ক্রিকেটার। সদ্য নিয়োগ পাওয়া প্রধান কোচ গ্যারি উইলসনের অধীনে এটিই হবে আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে সিরিজ।

ইনজুরির কারণে প্রথম তিন ম্যাচেও কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে পাচ্ছে না আয়ারল্যান্ড। এছাড়া কিছু খেলোয়াড়ের ফিটনেস সিরিজের প্রথম তিন ম্যাচের পর মূল্যায়ন করা হবে।

ভারতের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাই মুন্দ্রা। এছাড়া আন্তঃপ্রাদেশিক ৫০ ওভারের টুর্নামেন্টে লেইনস্টার লাইটনিংকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ২৪ বছর বয়সী পেসার বাইরন ম্যাকডোনাফও প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা হয়েছে বেন ক্যালিটজেরও।

দল ঘোষণার পর গ্যারি উইলসন বলেন, 'আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। ১৫ মাস পর আমরা ওয়ানডে খেলতে নামছি। এই সময়ে অনেক খেলোয়াড় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, যা আমাদের জন্য ইতিবাচক। এমনও কয়েকজনকে বাদ দিতে হয়েছে, যারা নিজেদের নির্বাচনের যোগ্য মনে করে। তবে আমরা যে দল বেছে নিয়েছি, তাদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।'

আফগানিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা নিয়েও আশাবাদী নতুন এই কোচ। আফগানদের বিপক্ষে ম্যাচ জিততে ম্যাচে পাওয়া প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে বলেও জানান উইলসন।

তিনি বলেন, 'বছরের পর বছর ধরে দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। এবারও সেটি অব্যাহত থাকবে বলে আশা করছি। আমরা এমন একটি দল নির্বাচন করেছি, যারা আমাদের কাঙ্ক্ষিত ক্রিকেট খেলতে সক্ষম। পরিস্থিতি ও কন্ডিশন বুঝে খেলতে চাই, তবে সুযোগ পেলেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে হবে। বোলিংয়ে নিয়মিত উইকেট নেওয়ার চেষ্টা থাকবে, আর ফিল্ডিংয়ে প্রতিটি সুযোগ কাজে লাগাতে চাই। লড়াই শেষ না হওয়া পর্যন্ত হাল না ছাড়া মানসিকতাই হবে এই দলের পরিচয়।'

আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের ওয়ানডে দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডেয়ার, অ্যান্ড্রু বালবার্নি, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, জর্জ ডকরেল, গ্যাভিন হোয়ি, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, লিয়াম ম্যাকার্থি, বাইরন ম্যাকডোনাফ, জাই মুনদ্রা, হ্যারি টেক্টর ও লরকান টাকার।

আরো পড়ুন: