বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব

বাংলাদেশ ক্রিকেট
খালেদ মাহমুদ সুজন, ফাইল ফটো
খালেদ মাহমুদ সুজন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে ফিরেছেন সাবেক অধিনায়ক ও সাবেক পরিচালক খালেদ মাহমুদ। এর আগে বিভিন্ন ভূমিকায় দেশের ক্রিকেটে কাজ করা এই সাবেক অধিনায়ককে আগামী দুই বছরের জন্য দেশের ভবিষ্যৎ তারকাদের গড়ে তোলার জন্য আনুষ্ঠানিকভাবে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু বিসিবির নতুন এইজ গ্রুপ ক্রিকেটের চেয়ারম্যান। সেই তিনটি দলের (অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮) প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করবেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ সুজন।

এর আগে বিভিন্ন দায়িত্বে ক্রিকেট বোর্ডে কাজ করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। জাতীয় দলে টিম ডিরেক্টর ও ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। এছাড়াও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে সাফল্যের সাথে কাজ করেছেন সুজন। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন, ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়েও বড় অবদান ছিল তার। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেন।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবিতে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সুজন। তিনি জানান, বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বেশ কিছুদিন ধরেই এ বিষয়ে আলোচনা চলছিল।

ক্রিকবাজকে সুজন বলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়ে তামিমের সঙ্গে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত আমাকে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছে।’

নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরো বলেন, ‘এ ধরনের কাজ আমি খুব পছন্দ করি। আমার কোচিং জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে উন্নয়ন ও বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করে। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকাকালে এই পর্যায়ের ক্রিকেটারদের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি।’

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সময় বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান ছিলেন খালেদ মাহমুদ।

সেই সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা যুব বিশ্বকাপ জিতেছিলাম। বোর্ড ছাড়ার পরও বেশির ভাগ সময় বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কোচিং করিয়েছি। এই দায়িত্ব আমার জন্য একেবারেই উপযুক্ত। আশা করি, আগামী দুই বছরে ভালো কিছু করতে পারব।’

জানা গেছে, বয়সভিত্তিক ক্রিকেটে তাঁর অবদান বিবেচনা করেই তাঁকে আবারও বোর্ডে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের কর্মকর্তাদের বিশ্বাস, তৃণমূল ও বয়সভিত্তিক পর্যায়ের তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে খালেদ মাহমুদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

আরো পড়ুন: