অমিত ৯০*, মাহফিজুল ৭৭, ড্র প্রথম চার দিনের ম্যাচ

জিম্বাবুয়ে 'এ' দলের বাংলাদেশ সফর
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টানা বৃষ্টিতে প্রথম দুই দিনে টস করাও সম্ভব হয়ে উঠেনি। তৃতীয় দিনে টস হলেও খেলা হয়েছে মাত্র দুই বল। চতুর্থ দিনে এসে অবশ্য ব্যাটে-বলের খানিকটা লড়াই দেখার সুযোগ মিলল। মাহফিজুল ইসলাম রবিন ও অমিত হাসানের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ২ উইকেটে ২০৫ রান তুলে ইনিংস ঘোষণা দেয় বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ‘এ’ দল বিনা উইকেটে তুলল ৯৪ রান। সময় না থাকায় ড্রয়ে নিষ্পত্তি হলো প্রথম চার দিনের ম্যাচ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টি বাগড়া দেয় ম্যাচের একদিন আগে থেকেই। ধারাবাহিক বৃষ্টির কারণে প্রথম দুই দিনে একটি বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিনে এসে টস করা সম্ভব হয়। তবে ব্যাটিংয়ে নেমে মাহফিজুল ও জাকির হাসান দুই বল খেলার পর আবারও হানা দেয় বৃষ্টি। তৃতীয় দিনের শেষ বিকেলটা ক্রিকেটারদের কেটেছে অবসরে।

চতুর্থ দিনের সকালেও বৃষ্টি ছিল। টানা বৃষ্টির পর সকাল ১০ টা ৫০ মিনিটে ম্যাচ শুরু হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা প্রত্যাশিতভাবে হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। খুব একটা স্বস্তিতে ছিলেন না জাকির হাসান। ইনিংসের দশম ওভারে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। টিনো মাপোসার অফ স্টাম্পের বাইরে পড়া ফুলার লেংথ ডেলিভারিটা বেরিয়ে যাচ্ছিল। এমন ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন জাকির।

ব্যাটের কানায় লেগে বল চলে যায় প্রথম স্লিপে। ২২ বলে ৩ রান করে ফিরতে হয় বাঁহাতি ওপেনার। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন অমিত ও মাহফিজুল। দুজনেই প্রায় ওয়ানডে মেজাজে রান তোলার চেষ্টা করেছিলেন। বিশেষ করে দ্রুত রান তুলছিলেন অমিত। দারুণ ব্যাটিংয়ে ৭১ বলে হাফ সেঞ্চুরি করেন মাহফিজুল। অমিত হাফ সেঞ্চুরি পেয়েছেন ৬২ বলে।

সেঞ্চুরির করার সুযোগ থাকলেও ১৬ চারে ১০৭ বলে ৭৭ রানের ইনিংস খেলে রিটায়ার্ড আউট হয়ে ফেরেন মাহফিজুল। চারে নেমে দেখেশুনে খেলছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। যদিও রান তোলার গতি কমাননি অমিত। সেঞ্চুরি করার সুযোগ ছিল তার সামনেও। তবে ৩৯ ওভারে ২ উইকেটে ২০৫ রানের পুঁজি নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ১৩ ও চার এক ছক্কায় ৮৯ বলে ৯০ রান করে অপরাজিত ছিলেন অমিত। ২১ বলে ২১ রান করেছেন অঙ্কন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে কোনো সুযোগই দেননি তারিসাই মুসাকান্দা ও তানুনুরওয়া ম্যাকোনি। সাবধানী ব্যাটিংয়ে ২৯ ওভারে বিনা উইকেটে ৯৪ রান তোলেন তারা দুজন। ৭ চার ও এক ছক্কায় ৮৮ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন মুসাকান্দা। আরেক ওপেনার ম্যাকোনি করেছেন ৮৬ বলে ৩৩ রান। দুই অধিনায়ক শেষ পর্যন্ত ড্র মেনে নেন।

আরো পড়ুন: