প্রধান কোচ হচ্ছেন গাঙ্গুলী, ব্যাটিং কোচ যুবরাজ

আইপিএল
সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিং
সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিং
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের গত আসরে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দলটি লিগ পর্ব শেষ করে ষষ্ঠ স্থানে থেকে বিদায় নেয়। এরপরই বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী আইপিএলের আগেই কোচিং প্যানেলে বড় পরিবর্তন আনতে চলেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। আর ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে দেখা যাবে ব্যাটিং কোচের ভূমিকায়। যদিও দিল্লি ক্যাপিটালস এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেয়নি। তবে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম এমনটিই ইঙ্গিত দিয়েছে।

এর ফলে বোঝাই যাচ্ছে গত দুই আসরে দায়িত্বে থাকা কোচিং প্যানেলের কেউই আর দায়িত্বে থাকছেন না। টিম ম্যানেজার ভেনুগোপাল রাও, প্রধান কোচ হেমাং বাদানি, বোলিং কোচ মুনাফ প্যাটেল এবং চলতি মৌসুমের আগে যোগ দেওয়া সহকারী কোচ ইয়ান বেলকে আর রাখা হচ্ছে না বলে জানা গেছে।

এই পরিবর্তনের পেছনে রয়েছে দিল্লি ক্যাপিটালসের দুই মালিক জিএমআর স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও জিন্দাল সাউথ ওয়েস্ট স্পোর্টসের মধ্যে আইপিএল ২০২৪ এর পর হওয়া চুক্তি। চুক্তি অনুযায়ী, দুই প্রতিষ্ঠান পালাক্রমে দুই বছর করে ফ্র্যাঞ্চাইজিটির পরিচালনার দায়িত্ব নেবে। ২০২৪ সালে জিন্দাল সাউথ ওয়েস্ট স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে যোগ দেন গাঙ্গুলী।

এর আগে ২০১৯ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন তিনি। পরে বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। গাঙ্গুলী প্রধান কোচ হিসেবে প্রথমবার দায়িত্ব পালন করেন ২০২৫ সালের এসএ টোয়েন্টিতে। তিনি সেখানে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে ছিলেন। এরপর উইমেন্স প্রিমিয়ার লিগেও দিল্লির দায়িত্বে ছিলেন তিনি।

অন্যদিকে ২০১৯ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবারই প্রথম কোনো আনুষ্ঠানিক কোচিং দায়িত্ব নিতে যাচ্ছেন যুবরাজ। সাম্প্রতিক বছরগুলোতে শুভমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরান সিংয়ের মতো ভারতীয় ব্যাটারদের উন্নতিতে তার বড় ভূমিকা রয়েছে। এই ব্যাটারদের ব্যক্তিগত কোচ হিসেবে কাজ করেছেন যুবরাজ।

আরো পড়ুন: