সবচেয়ে কম ২০০ টাকায় ইষ্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ হবে ৪০০ টাকা। ক্লাব হাউজ অর্থাৎ শহীদ মুশতাক আহমেদ ও শহীদ জুয়েল স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য দর্শকদের গুনতে হবে ৬০০ টাকা।
কর্পোরেট ব্লক অর্থাৎ ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ ও ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ স্ট্যান্ডগুলোর টিকেটের দাম ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম ২ হাজার ৫০০ টাকা। স্বশরীরে টিকেট কেনার সুযোগ থাকছে না দর্শকদের।
সবশেষ কয়েক সিরিজের মতো এবারও অনলাইনে টিকেট কিনতে হবে। বিসিবির www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে টিকেট কিনতে হবে সমর্থকদের। ৪ জুন থেকেই টিকেট ক্রয় করতে পারবেন।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ৫ জুন বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ৯, ১১ ও ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরবর্তীতে ১৭, ১৯ ও ২১ জুন টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।