২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে যোগ দেন টেইট এবং দেশের পেস বোলিং সম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সাবেক এই অজি পেসার বাংলাদেশ পেস আক্রমণকে আরও শাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিদায় বেলায় তার অবদান স্বীকার করেছে বিসিবি।
বিসিবির বিজ্ঞপ্তিতে টেইট বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের অংশ হতে পারা আমার জন্য একটি গৌরবের বিষয়। এটি কোনো সহজ সিদ্ধান্ত ছিল না, এবং আমাদের আলোচনার পুরো সময়জুড়ে বিসিবির বোঝাপড়া ও সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।'
বাংলাদেশের পেস বোলারদের অর্জন নিয়েও গর্বিত টেইট। তিনি বাংলাদেশের পেসারদের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী বলে জানিয়েছেন। তিনি যোগ করেন, 'পেস বোলাররা যা অর্জন করেছে তা নিয়ে আমি গর্বিত, এবং আমি বিশ্বাস করি তাদের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি দলের জন্য ভবিষ্যতের সব সাফল্য কামনা করি।’
কদিন আগেই বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ভারতের রাজ্য দল বেঙ্গলের কোচিং স্টাফে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন টেইট। এমনকি বেঙ্গলের প্রধান কোচ পদের জন্য সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। টেইটের স্ত্রীও ভারতীয়। তাই স্ত্রীর সঙ্গে থাকতেই বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এবার হয়েছেও তাই।
গণমাধ্যমের মতে টেইটের সাক্ষাৎকার নিয়েছেন অরুণ লাল, দেবাং গান্ধী ও কল্যাণ চৌধুরী। প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত ছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। বেঙ্গলও এখনও টেইটকে নিয়ে কোনো আনুষ্ঠানিক খবর জানায়নি। সাবেক এই অজি পেসারকে দলে টানতে বছরে ২ কোটি রুপির বেশি ব্যয় হতে পারে দলটির।