ভারত-বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পাকিস্তানের

টি-টোয়েন্টি বিশ্বকাপ
পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা
পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে তাদের ম্যাচ খেলতে রাজি করাতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইসিসির ভাইস চেয়ারম্যান ইমরান খাজা লাহোরে বৈঠকে যোগ দিয়েছিলন পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বোর্ড পরিচালক মুবাশির উসমানি অনলাইনে যুক্ত ছিলেন। এই সভায় যোগ দিতে পাকিস্তানে ছুটে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।

এদিকে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবি প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ এক ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছেছে। তার অনুমোদনের পরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। ইঙ্গিত মিলছে, দিনশেষে আইসিসি অথবা পিসিবি থেকে কোনো এক পক্ষ থেকে ঘোষণা আসতে পারে।

ম্যাচটির সময়সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে, আলোচনায় পিসিবি ও বিসিবি কিছু দাবি জানিয়েছে। এর মধ্যে অন্যতম ছিল ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব। পিসিবি শুধু পাকিস্তানের জন্য নয়, বাংলাদেশের ক্ষেত্রেও ভারত–বাংলাদেশ–পাকিস্তান একটি ত্রিপক্ষীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়ার প্রস্তাব জানিয়েছিল।

এ ছাড়া তারা দ্বিপক্ষীয় সিরিজগুলো শুরু করার দাবি তুলেছিল। তবে আইসিসি সরাসরি ভারতের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজের নিশ্চয়তা দিতে পারবে না, কারণ এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) হাতে।

আইসিসি শুরু থেকেই রাজনৈতিক চাপের চেয়ে সংলাপ ও প্রক্রিয়াকে বেশি গুরুত্ব দিয়েছে। পাকিস্তানের কিছু মিডিয়া ও বিশেষজ্ঞরা পক্ষপাতের অভিযোগ তুললেও, বাস্তবে আইসিসি সহযোগিতামূলক অবস্থান রেখেছে। এই সমস্যার সমাধান হলে ক্রিকেটই উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন: