যদিও নতুন করে আবারও গ্রুপিংয়ের কথা শোনা যাচ্ছে। সোবহানা মোস্তারি অবশ্য এসব কথা কানেই নিতে চাইলেন না। বাইরে মেয়েদের ক্রিকেটের গ্রুপিং নিয়ে আলাপ হলেও দলে এসবের প্রভাব পড়তে দিতে চান না ডানহাতি এই ব্যাটার। সেই সঙ্গে এও জানিয়েছেন, দলাদলি করে কেউই সোবহানা, শারমিন আক্তার সুপ্তা কিংবা নাহিদা আক্তারের মতো ক্রিকেটারদের জায়গা নিতে পারবে না। তাদের হয়ে তো পারফরম্যান্সই কথা বলছে।
গ্রুপিং নিয়ে সোবহানা বলেন, ‘দেখুন, এখন আমরা সবাই পরিণত। বাহিরে যে কথাগুলো হচ্ছে এগুলো কখনোই দলে প্রভাব পড়তে দিব না। কারণ আমাদেরকে ক্রিকেটটা খেলতে হবে। আমার কাছে মনে হয় না দলাদলি করে আমার জায়গা কেউ নিতে পারবে, সুপ্তা বা নাহিদার জায়গা নিতে পারবে। এই রিপ্লেসমেন্টগুলো আমার মনে হয় না দলাদলি করে হয় কখনো।’
সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকটি ম্যাচেই জয় পায় বাংলাদেশের মেয়েরা। তবে সাম্প্রতিক সময়ে দল হিসেবে ভালো করতে পারছে না তারা। কদিন আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। ওয়ানডেতে প্রথম ম্যাচ জিতলেও সিরিজ হারতে হয়েছে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মিরপুর ক্যাম্প করছেন তারা।
সেই ক্যাম্পে অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে ম্যাচও খেলছেন বাংলাদেশের মেয়েরা। শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে তরুণ ছেলেদের কাছে হারতে হয়েছে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের। হারলেও ইতিবাচকতা খুঁজছেন সোবহানা। ডানহাতি ব্যাটার মনে করেন, ছেলেরা তুলনামূলক জোরে বোলিং করায় সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলার প্রস্তুতিটা ভালো হবে।
সোবহানা বলেন, ‘বিশ্বকাপের জন্য ছেলেদের (অনূর্ধ্ব-১৬ দল) সাথে খেলা ব্যক্তিগভাবে আমি মনে করি ভালো। কারণ ওরা ভালো জোরে বল করে। আমাদের গ্রুপে যেহেতু সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া আছে তারাও এরকম পেসে বল করবে আমার কাছে মনে হয়। আজকে আমরা জিততে পারিনি। প্রথম দিকে আমরা কিছু উইকেট হারিয়েছি, একটা জুটির কারণে মনে হয় আমরা ভালো খেলতে পারিনি।’
বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে সবসময়ই দুশ্চিন্তার নাম ব্যাটিং। ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে হোয়াইটওয়াশ হতে হয়েছে ব্যাটিং ব্যর্থতার জন্যই। সোবহানাও বিশ্বাস করেন, বাংলাদেশের বোলিংয়ের তুলনায় ব্যাটিং খানিকটা দূর্বল। তবে পরিস্থিতি বুঝে ব্যাটিং নিয়ে নিজেদের সিদ্ধান্ত নিতে চান তারা। একটু চাপমুক্ত থেকে খেলার জন্য যদি আগে ব্যাটিং করতে হয় সেই পথেও হাঁটবেন তারা।
তিনি বলেন, ‘নরমালি আমি বলব বোলিংয়ের থেকে আমাদের ব্যাটিংটা একটু ডাউনে আছে, এটা আমি বিশ্বাস করি বা ফিল করি। ওইটা নিয়ে কাজ করছি। গত ম্যাচগুলোতে রান তাড়া করার ক্ষমতা আমাদের কতটা সেটাও দেখেছি। ব্যাটিংয়ে আমাদের যেটা সুবিধা হয় সেটা করার চেষ্টা করব। যদি প্রথমে ব্যাটিংয়ে আরামে ব্যাট করে একটা ভালো লক্ষ্য দিয়ে বোলিং দিয়ে যদি জিততে পারি আমরা সেটাও করতে পারি।’