শেষ ওভারে জয়ের জন্য মাত্র ১২ রান প্রয়োজন ছিল ভারতের। ব্যাটিংয়ে ছিলেন পবন নেগি ও পিযুষ চাওলা। তবে এই দুজনকে আটকে দেন আবু জায়েদ রাহী। এই পেসারের ওভার থেকে ৮ রানের বেশি নিতে পারেননি এই দুই ভারতীয় ব্যাটার। চাওলা ১৮ বলে ২৪ ও নেগি ১৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকলেও ম্যাচ জিততে পারেনি ভারত।
১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স বাংলাদেশি স্পিনার এনামুল হক জুনিয়রের ঘূর্ণির মুখে পড়ে। তিনি মাত্র ৩ ওভারে ১২ রান দিয়ে ভারতের ৪ উইকেট শিকার করেন। অন্যদিকে রাহী দুর্দান্ত শেষ ওভারের সঙ্গে ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন দুটি উইকেট। পাশাপাশি একটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।
ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে ইরফান পাঠানের ব্যাট থেকে। এরই রান করে অপরাজিত থাকেন ঋষি ধাওয়ানও। এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক যুবরাজ সিং। মাত্র ৪ রান করে আউট হন ইউসুফ পাঠান। অভিমন্যু মিঠুনও শূন্য রানে ফেরেন।
এর আগে এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে রনি তালুকদারের ২৫ বলে ৪০ রানের ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। এ ছাড়া ২১ বলে ২৪ রান করেন নাসির হোসেন। আর ৩৮ বলে ৩৭ রানের কার্যকর ইনিংস খেলেন আরাফাত সানি। ভারতের বোলারদের মধ্যে ৩টি উইকেট নেন চাওলা। দুটি করে উইকেট শিকার করেন ঋষি ধাওয়ান ও নেগি। একটি উইকেট পান মোহিত শর্মা।