কুলদীপের চার শিকারের মধ্যে ছিলেন জন ক্যাম্পবেল, শাই হোপ, জাস্টিন গ্রিভস ও জুয়েল অ্যান্ড্রু। বিশেষ করে তার বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারে ধস নামে। ইংল্যান্ড সফরের তিন ওয়ানডেতে একাদশে সুযোগ না পাওয়া কুলদীপ কাউন্টি ক্রিকেটে খেলেই আবার ছন্দে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ছন্দেরই প্রতিফলন দেখা গেছে।
কুলদীপের এই পারফরম্যান্সকে কামব্যাক হিসেবে দেখতে রাজি নন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ' চার উইকেটের কথা বাদ দিন। অনেকে বলছেন এটা তার কামব্যাক। বিষয়টা মোটেও এমন নয়। তার প্রায় ২০০ উইকেট আছে। সে একজন চ্যাম্পিয়ন স্পিনার এবং তাকে ছাড়া আমরা সাউথ আফ্রিকায় যেতে পারি না।'
কুলদীপকে নিয়ে নিজের অবস্থান আরও পরিষ্কার করেছেন ভারতের সাবেক এই স্পিনার। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে নিয়মিত সুযোগ না পেলেও কুলদীপের বোলিংয়ের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কাউন্টি ক্রিকেটে খেলে উইকেট পাওয়াটাও তর জন্য ইতিবাচক হয়েছে বলে মনে করেন অশ্বিন।
কুলদীপের প্রশংসা করে অশ্বিন বলেন, 'সে খুব ভালো বোলার ছিল, এখনো খুব ভালো বোলার এবং ভবিষ্যতেও খুব ভালো বোলার থাকবে। আমি এর বিপরীত কোনো কথার সঙ্গে একমত নই। সে কাউন্টি ক্রিকেট খেলেছে, উইকেট পেয়েছে এবং এখন আবার তার ফল দেখা যাচ্ছে। কুলদীপ হওয়া সহজ নয়, তবে সে যে ছন্দ দেখিয়েছে, তাতে আমি খুব খুশি।'
প্রথম ওয়ানডেতে কুলদীপের বোলিংয়ের পর ভারতের ব্যাটাররাও ম্যাচটি সহজ করে দেন। বিরাট কোহলি ৮৮ বলে অপরাজিত ১৩৯ রান করেন, সঙ্গে শুবমান গিলের ১০২ রানে ৪১.৪ ওভারে ৩০০ রান তুলে আট উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।