আয়ারল্যান্ড ও ইংল্যান্ড- দুই দেশের হয়েই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন জয়েস। ২০১৮ সালে খেলোয়াড় হিসেবে অবসর নেয়ার পরপরই আয়ারল্যান্ড নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। প্রায় ছয় বছর সেই দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে সরে দাঁড়ান।
এরপর কাউন্টি ক্রিকেটে গ্লস্টারশায়ারের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন জয়েস। পাশাপাশি ইটিপিএলে ডাবলিন গার্ডিয়ানসের সঙ্গেও ব্যাটিং কোচ হিসেবে যুক্ত ছিলেন। ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন তিনি।
জয়েস বলেন, 'খেলা ছাড়ার পর আয়ারল্যান্ডের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা আমার অন্যতম অগ্রাধিকার ছিল। সাম্প্রতিক বছরগুলোতে আয়ারল্যান্ডের পুরুষ দলের দিকে তাকালে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো খেলোয়াড় তৈরিতে পেছনে অনেক পরিশ্রম হয়েছে, সেটা স্পষ্ট।'
নতুন দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্যও জানিয়েছেন সাবেক এই ব্যাটার। তিনি বলেন, 'এই কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। ব্যাটিং দলকে এগিয়ে নিতে নিজের কিছু ধারণা ও অভিজ্ঞতা যোগ করতে চাই। প্রতিভা আছে, এখন লক্ষ্য সেই প্রতিভার ধারাবাহিকতা নিশ্চিত করা।'
পুরুষ দলের প্রধান কোচ গ্যারি উইলসন ও হাই পারফরম্যান্স পরিচালক গ্রায়েম ওয়েস্টের সঙ্গে কাজ করবেন জয়েস। তার নিয়োগের আগে আয়ারল্যান্ডের পুরুষ দলের সর্বশেষ ম্যাচ ছিল আগস্টে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ঘরের মাঠের সেই সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছিল তারা।
আয়ারল্যান্ডের সামনে এখন বড় লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।