সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই সিরিজের আগে নিজের ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে রোহিত জানিয়েছেন তার মনে হচ্ছে এখনও ভারতের ক্রিকেটকে অনেক কিছু দেয়ার আছে। বিশ্বকাপে ভালো কিছু অর্জনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমার কখনোই মনে হবে না যে আমার কাজ শেষ হয়ে গেছে। যতক্ষণ খেলছেন, ততক্ষণ সামনে কিছু না কিছু পাওয়ার থাকে। আর আমি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি, সামনে আমার জন্য কী অপেক্ষা করছে, সেটাও দেখছি।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। টুর্নামেন্টটি শুরু হবে ৪ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর। ২০২৩ বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন রোহিত। তার নেতৃত্বে ভারত ফাইনালে উঠলেও অজিদের বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হতে হয়েছিল ভারতকে। সেই আক্ষেপ ২০২৭ সালে ঘুচাতে চাইবেন রোহিত।
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে শুধু অভিজ্ঞতা থাকলেই হয় না, প্রতিপক্ষ ও ভেন্যু অনুযায়ী নিজেদের প্রস্তুত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন রোহিত। তিনি বলেন, ‘বিশ্বকাপ যখন হয়, যখন আমরা কোনো আইসিসি টুর্নামেন্ট খেলি, তখন সেটার নিজস্ব চ্যালেঞ্জ থাকে। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হয়, ভিন্ন ভেন্যুতে খেলতে হয়। তাই আপনাকে ভিন্নভাবে প্রস্তুতি নিতে হয়, ভিন্নভাবে ভাবতে হয়। এটাই চ্যালেঞ্জ।’