ফ্লেমিংয়ের বিদায়ের পর চেন্নাইয়ের কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় ছিল। শেষ পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনির পরামর্শেই জহিরকে দায়িত্ব দেওয়া হয় বলে জানা গেছে। ধোনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকায় দলের সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকার গুরুত্বও স্বীকার করেছেন জহির।
চেন্নাইয়ের প্রকাশিত এক ভিডিওতে জহির বলেন, 'চেন্নাইয়ে ধোনি অনেক বড় নাম। দল কোন দিকে এগোতে চাইছে, সে ব্যাপারে ধোনির মতামত খুবই গুরুত্বপূর্ণ। তাই এমএসের উপদেশ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করার চেষ্টা করব।'
'দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল। আমার কাছে আলাদা চ্যালেঞ্জ। যে আস্থা আমার ওপর রাখা হয়েছে, তার জন্য আমি আপ্লুত। নিজের সেরাটাই দেব।'
কীভাবে চেন্নাইয়ের সঙ্গে তার আলোচনা শুরু হয়েছিল, সেটিও জানিয়েছেন জহির। তার ভাষায়, 'রূপা (গুরুনাথ) এবং কাশীর (বিশ্বনাথ) সঙ্গে আমার কথা হয়েছে। খুব সাধারণ কথাবার্তা। ওরা জানতে চেয়েছিল আমার সময় হবে কি না। আমি বলেছিলাম, খুশি মনে এই প্রস্তাব গ্রহণ করতে চাই। আমার কাছে এটা সম্মানের মতো। এরপর বাকি আনুষ্ঠানিকতা হয়েছে।'
কোচিংয়ে প্রযুক্তির ব্যবহারেও বিশেষ গুরুত্ব দিতে চান জহির। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করে নিজেও নতুন কিছু শেখার প্রত্যাশা তার, 'আধুনিক ক্রিকেটে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাঠে আমাদের ভাবনাচিন্তার অনেকটাই ঠিক হয়ে যাচ্ছে প্রযুক্তির সাহায্যে। তরুণ ক্রিকেটারদেরও এই উন্নতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ওদের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে রয়েছি।'