অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগেই একের পর এক ধাক্কা খাচ্ছে সাউথ আফ্রিকা। আগেই জানা গেছে এই সিরিজে খেলতে পারবেন না কাগিসো রাবাদা। এবার এই সিরিজে পাওয়া যাচ্ছে না আরেক পেসার কিউনা মাফাকাকেও। এর আগে হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন আরও দুই পেসার ওটেনিল বার্টম্যান ও লুঙ্গি এনিগিডি।
সদ্য ছিটকে যাওয়া মাফাকার বদলি হিসেবে লিজাড উইলিয়ামসকে দলে নিয়েছে সাউথ আফ্রিকা। বার্টম্যান ও এনগিডির বদলি হিসেবে দলে ঢুকেছেন ডুয়ান জানসেন ও এনকোবানি মোকোয়েনা। চোটের কারণে সাউথ আফ্রিকার পেস আক্রমণ এখন বেশ অনভিজ্ঞ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রথম পছন্দের অলরাউন্ডার জানসেন ও করবিন বশের সঙ্গে আছেন জেরাল্ড কোয়েতজি।
এই পেসার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে। জানসেন ও মোকোয়েনা, দুজনের মিলিয়ে ওয়ানডে খেলার অভিজ্ঞতা মাত্র চার ম্যাচের। উইলিয়ামস খেলেছেন আটটি ওয়ানডে, অভিষেক ২০২১ সালে। তবে ওয়ানডে সিরিজের চেয়েও সাউথ আফ্রিকার চিন্তা এখন টেস্ট সিরিজ নিয়ে।
৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে রাবাদা ও এনগিডি খেলতে পারবেন কি না এ ব্যাপারে এখনও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে হবে ২৪, ২৭ ও ৩০ সেপ্টেম্বর। ম্যাচগুলোর ভেন্যু যথাক্রমে ডারবান, জোহানেসবার্গ ও পচেফস্ট্রুম।
এরপর ৩ ও ৪ অক্টোবর সাউথ আফ্রিকা একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর ডারবানে শুরু হবে টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট কিউবেরায় ১৮ অক্টোবর এবং তৃতীয় টেস্ট কেপটাউনে ২৭ অক্টোবর শুরু হবে।
সাউথ আফ্রিকা স্কোয়াড-
টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক (উইকেটকিপার), টনি ডি জর্জি, বিজর্ন ফরটুইন, ডুয়ান জানসেন, মার্কো জানসেন, এনকোবানি মোকোয়েনা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, রায়ান রিকেলটন (উইকেটকিপার), ট্রিস্টিয়ান স্টাবস, লিজাড উইলিয়ামস।