চুক্তি হারালেও সাউথ আফ্রিকার হয়ে খেলা চালিয়ে যেতে চান মিলার

সাউথ আফ্রিকা ক্রিকেট
ডেভিড মিলার, ফাইল ফটো
ডেভিড মিলার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকেট সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ডেভিড মিলার। এতে হতাশ হলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার কোনো ইঙ্গিত দেননি ৩৭ বছর বয়সী এই ব্যাটার। বরং যতদিন সম্ভব সাউথ আফ্রিকার হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি।

গত এপ্রিলে ২০২৬-২৭ মৌসুমের চুক্তির তালিকা প্রকাশ করে ক্রিকেট সাউথ আফ্রিকা। সেখানে জায়গা হয়নি মিলারের। এর আগের মৌসুমে ‘হাইব্রিড’ চুক্তিতে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ওই চুক্তিতে দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বিষয়ে ক্রিকেটারদের কিছুটা স্বাধীনতা থাকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ডারবানে চুক্তি হারানো নিয়ে নিজের হতাশার কথা জানান মিলার। তবে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা যে আগের মতোই আছে, সেটিও স্পষ্ট করেছেন তিনি।

মিলার বলেন, 'ক্রিকেট সাউথ আফ্রিকার চুক্তিতে আমাকে রাখা হয়নি; বিষয়টি কখনোই সুখকর নয়, তবে এটি জীবনেরই একটি অংশ। আমি এখনও সাউথ আফ্রিকার হয়ে খেলতে চাই এবং এজন্য নিজেকে প্রস্তুত রাখছি।'

গত বছর চুক্তির শর্ত অনুযায়ী ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতায় খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকার সাদা বলের সিরিজ থেকে ছাড় পেয়েছিলেন মিলার। পরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও হ্যামস্ট্রিংয়ের চোটে তা সম্ভব হয়নি। এরপর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার হয়ে খেলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় না থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যস্ত ছিলেন মিলার। আইপিএল, ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা ও ইউরোপের বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলেছেন তিনি।

আসন্ন অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে সাউথ আফ্রিকার হয়ে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখছেন এই ব্যাটার। মিলার বলেন, 'আমি সেরাদের বিপক্ষে খেলতে চাই। বিশ্বের সেরাদের বিপক্ষে খেলাটা আমি উপভোগ করি। আমার কাছে সবসময়ই সাউথ আফ্রিকা অগ্রাধিকার পেয়েছে।'

আরো পড়ুন: