গত আগস্টে প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ফ্লিনটফ। চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লায়ন্সের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেন ট্রট। এরপর শীতকালীন সফরগুলোর জন্যও তাকে স্থায়ীভাবে দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।
গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তানের প্রধান কোচের পদ ছাড়েন ট্রট। এরপর স্বল্প সময়ের জন্য আয়ারল্যান্ড ও গ্ল্যামরগানের সঙ্গে কাজ করেন তিনি। ফ্লিনটফও লায়ন্সের দায়িত্ব ছাড়েন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দল সিডনি থান্ডারের কোচ হওয়ার পর।
ইংল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন ট্রট। লায়ন্সের দায়িত্ব পাওয়ায় সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার সুযোগও তৈরি হয়েছে তার সামনে। খেলোয়াড় হিসেবে লায়ন্সের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন তিনি। ২০০৯ সালে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পাওয়ার পেছনেও লায়ন্সের হয়ে তার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এবার সেই দলেরই কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ট্রট। খেলোয়াড় হিসেবে যে দলের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের দরজা খুলেছিলেন, এবার সেই দলকে কোচিং করানোর সুযোগ পাওয়াকে ক্যারিয়ারের বিশেষ অধ্যায় হিসেবেই দেখছেন তিনি।
আগামী ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ইংল্যান্ড লায়ন্স। এর আগে অক্টোবরে হবে অনুশীলন শিবির। এরপর ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সাউথ আফ্রিকা সফর করবে তারা। সবশেষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা সফর করবে লায়ন্স।