আগামী ৯ অক্টোবর শুরু হবে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ। এর আগে ২০২৩-২৫ চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই সময় অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল প্রোটিয়ারা। সম্প্রতি আইসিসির সঙ্গে আলাপকালে কনরাড জানিয়েছেন বেশ ভালো উন্নতি করছেন রাবাদা। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের বাকি অংশে রাবাদাকে পাওয়া যাবে।
কনরাড আইসিসিকে বলেছেন, 'রিহ্যাব ও বাকি প্রোগ্রামগুলো খুব ভালোভাবে হচ্ছে। আমি বেশ অবাকই হবো যদি তাকে টেস্ট সিরিজে না পাই। সে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমার মনে হয় সে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছে। আমি রাবাদাকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে এর আগে কিছু কাজ বাকি আছে।'
সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়েছে। তাদের উপরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের ম্যাচগুলো ডারবান, কিউবেরা ও কেপ টাউনে। সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ যারা জিতবে তারাই ফাইনালের দৌড়ে এগিয়ে যাবে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাবাদার রেকর্ড দুর্দান্ত।
তিনি অজিদের ১১ টেস্টে ৫৮ উইকেট নিয়েছেন তাও ২১.৩৯ গড়ে। এর মধ্যে ২০২৫ সালের ফাইনালে দুই ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন এই পেসার। এমন একজন পারফর্মারকে যেকোনোভাবেই পেতে চায় সাউথ আফ্রিকা। কনরাড জানিয়েছেন এই পেসারকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে চান না তারা।
কনরাড আরও যোগ করেন, 'আমরা এই সপ্তাহের শেষ দিকে আরও ভালো ধারণা পাবো। কয়েক সপ্তাহ সে নিবিড় চিকিৎসার মধ্যে থাকবে। এখন পর্যন্ত সবকিছুই ভালো দেখাচ্ছে। কিন্তু রাবাদা একজন সুপারস্টার। সে শারীরিকভাবেও অনেক শক্তিশালী, অন্যদের চেয়ে সে অনেক দ্রুত সেরে ওঠে। আমি আমার মেডিকেল দলের সিদ্ধান্তের ওপরই নির্ভর করি। সেখানে আশাবাদ কোনো বিষয়ই নয়।'