চআইচি-নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হবে ২৪ সেপ্টেম্বর। সাহিবজাদা ফারহানের নেতৃত্বে পাকিস্তান সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ২৮ সেপ্টেম্বর। তার আগে করাচিতে চার দিনের প্রস্তুতি ক্যাম্প করবে দল। ২৪ সেপ্টেম্বর রাতেই জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা তাদের।
সালমান মির্জার চোটের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বাঁহাতি এই পেসার বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। তার জায়গায় দলে আসা ওয়াসিম জুনিয়র পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞ মুখ। এশিয়ান গেমসের জন্য জুনে ঘোষিত মূল দলেও সালমানের নাম ছিল।
করাচিতে ইতোমধ্যে দলের সদস্যরা জড়ো হয়েছেন। হানিফ মোহাম্মদ হাই-পারফরম্যান্স সেন্টারে ২১ ও ২২ সেপ্টেম্বর অনুশীলন করবে পাকিস্তান। ২৩ সেপ্টেম্বর হবে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ, পরদিন ম্যাচ পরিস্থিতির অনুশীলন শেষে রাত ১১টায় জাপানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে দলের।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার কারণে দলের পাঁচ ক্রিকেটার পরে ক্যাম্পে যোগ দেবেন। উসমান খান, সাইম আইয়ুব, মাআজ সাদাকাত, হাসান নওয়াজ ও সুফিয়ান মকিম নিজেদের ফ্র্যাঞ্চাইজি দলের ম্যাচ শেষ করে পাকিস্তানের প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা রয়েছে। দলটির নেতৃত্বে থাকবেন সাহিবজাদা ফারহান, সহ-অধিনায়ক আবদুল সামাদ।
এবারের এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে অংশ নিচ্ছে ১০টি দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও স্বাগতিক জাপান সরাসরি জায়গা পেয়েছে। নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে এসেছে। পাকিস্তানের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর, কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
এশিয়ান গেমসের জন্য পাকিস্তান দল- সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, আলি রাজা, আরাফাত মিনহাস, হায়দার আলি, হাসান নওয়াজ, মাআজ সাদাকাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাদ মাসুদ, সাইম আইয়ুব, সুফিয়ান মকিম ও উসমান খান। প্রধান কোচ মাইক হেসনের অধীনে এই দল নিয়েই জাপানে এশিয়ান গেমসের লড়াই শুরু করবে পাকিস্তান।