দিল্লি পুলিশের অনুরোধের পরও যথাসময়ে হবে ভারতের খেলা

আফগানিস্তান-ভারত সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ব্রিকস সম্মেলনকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সেই কারণে ভারত ও আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি এক দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে গেছে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) নিশ্চিত করেছে, নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ সেপ্টেম্বরই অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি।

১১ থেকে ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকস সম্মেলন। এতে বিদেশি প্রতিনিধি, ভিআইপি ও ভিভিআইপিদের চলাচল ঘিরে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিতে হচ্ছে দিল্লি পুলিশকে। এর মধ্যেই ১৩ সেপ্টেম্বরের ম্যাচে ২৫ থেকে ৩৫ হাজার দর্শক উপস্থিত হতে পারেন বলে ধারণা করা হয়েছিল। ফলে ম্যাচের দিন অতিরিক্ত যানজট ও নিরাপত্তা সামলানো নিয়ে পুলিশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়।

এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে ডিডিসিএকে চিঠি দিয়ে ম্যাচটি ব্রিকস সম্মেলন শেষ হওয়ার পর সুবিধাজনক কোনো তারিখে আয়োজনের অনুরোধ করা হয়েছিল। দিল্লি পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার নিশান্ত গুপ্ত চিঠিতে জানান, সম্মেলনের কারণে ভিভিআইপি ও ভিআইপি চলাচল, রুট ক্লিয়ারেন্স এবং যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বড় একটি অংশ ব্যস্ত থাকবে। তবে পরবর্তী সময়ে ডিডিসিএ ও দিল্লি ট্রাফিক পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহায়তার বিষয়টি নিশ্চিত হওয়ায় ম্যাচটি আর সরানো হচ্ছে না।

পুলিশের চিঠিতে ডেপুটি কমিশনার নিশান্ত গুপ্ত বলেন, '১৩ সেপ্টেম্বরের ম্যাচে প্রায় ২৫ থেকে ৩৫ হাজার দর্শক আসতে পারেন। অরুণ জেটলি স্টেডিয়াম ও আশপাশের এলাকায় এমনিতেই যানবাহন ও পথচারীর চাপ থাকে। ম্যাচকে কেন্দ্র করে অতিরিক্ত যান চলাচল ও পার্কিংয়ের কারণে রাস্তার জায়গা কমে গিয়ে যানজট তৈরি হতে পারে।' তবে এসব আশঙ্কার মধ্যেও শেষ পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

ম্যাচটি সরিয়ে ১৪ সেপ্টেম্বর আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। এমনকি সিরিজের বাণিজ্যিক অংশীদারদের পক্ষ থেকেও ১৪ সেপ্টেম্বর একটি ম্যাচ আয়োজনের অনুরোধ করা হয়েছিল বলে জানা গেছে। দিনটি ভারতে গণেশ চতুর্থীর ছুটি। তবে শেষ পর্যন্ত সেই পরিবর্তন আর হচ্ছে না। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সিরিজের তিনটি ম্যাচই অরুণ জেটলি স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: