ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় কন্ডিশন বিবেচনায় টস জিতে বোলিং নিতে দেরি করেননি বাবর আজম। অধিনায়কের এমন সিদ্ধান্তের প্রতিদানও দিয়েছেন পাকিস্তানের পেসাররা। ইনিংসের পঞ্চম ওভারেই এমিলিও গেকে বিদায় করেন আব্বাস। ডানহাতি পেসারের লেগ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন এমিলিও। মোহাম্মদ রিজওয়ানও ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ দিয়েছেন। এমিলিও ফেরেন ৮ রানে।
নিজের পরের ওভারে বেন ডাকেটের উইকেটও নেন আব্বাস। পাকিস্তান পেসারের লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে ইংলিশ ওপেনারকে ফেরায় পাকিস্তান। একটু পর জো রুটের উইকেটও নিয়েছেন তিনি। ইংল্যান্ডের অধিনায়কও লেগ বিফোর উইকেট হয়েছেন। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। ওমন সময় প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কক্স ও হ্যারি ব্রুক।
১৫ রান করা ব্রুককে ফিরিয়ে জুটি ভাঙেন আলী। ডানহাতি পেসারের ভেতরে ঢোকা দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়েছেন ব্রুক। ইংল্যান্ডের রান একশ হওয়ার পর আউট হয়েছেন ড্যান লরেঞ্চ। রান আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। সাবধানী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করা কক্স আউট হয়েছেন ৫৫ রানে। খুররম শাহজাদের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন কক্স।
দ্বিতীয় স্লিপ দাঁড়ানো সালমান আলী আঘা ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। হাফ সেঞ্চুরি পেয়েছেন স্মিথও। তিনি আউট হয়েছেন পঞ্চাশ ছোঁয়ার একটু পরই। আলীর ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরতে হয়েছে ৮০ বলে ৬১ রানের ইনিংস খেলে। শেষ বিকেলে ওলি রবিনসন ও জফরা আর্চার দ্রুতই ফিরেছেন। ৩৪ রানে অপরাজিত আছেন গাস অ্যাটকিনসন। তাকে সঙ্গ দিচ্ছেন জশ টাং। পাকিস্তানের হয়ে আব্বাস চারটি ও আলী নিয়েছেন তিনটি উইকেট।