হাসপাতালে নেওয়া ইমরানকে ভোরেই ফেরানো হলো কারাগারে

পাকিস্তান ক্রিকেট
ইমরান খান, ফাইল ফটো
ইমরান খান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইসলামাবাদের হাসপাতালে নেওয়ার পর আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে তাকে কারাগারে ফেরানো হয়। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, চিকিৎসকেরা পরীক্ষার পর ইমরানকে ‘মেডিক্যালি সুস্থ’ ঘোষণা করেছেন।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কঠোর নিরাপত্তার মধ্যে ইমরানকে হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়। আদালত তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে পরীক্ষা ও চিকিৎসার নির্দেশ দিয়েছিল। তবে সরকার জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তাকে সরকারি হাসপাতাল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও একজন চিকিৎসকসহ একটি মেডিকেল দল তার পরীক্ষা করে।

ইমরানের বোন উজমা খানও পরীক্ষার সময় উপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে শুক্রবার ভোর প্রায় ৫টার দিকে তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। সরকার জানিয়েছে, প্রয়োজন হলে ভবিষ্যতেও তাকে চিকিৎসাসেবা দেওয়া হবে।

ইমরানের স্বাস্থ্য নিয়ে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানানো হচ্ছিল। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার বিষয়টি নিয়ে তারা একাধিকবার চিকিৎসার দাবি জানিয়েছে। সরকার অবশ্য জানিয়েছে, চিকিৎসা নেওয়ার পর তার চোখের অবস্থার উন্নতি হয়েছে এবং জরুরি কোনো চিকিৎসার প্রয়োজন নেই।

ইমরানকে বেসরকারি হাসপাতালে নেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে সরকারের সঙ্গে আদালতের টানাপোড়েনও তৈরি হয়েছিল। সরকার ওই নির্দেশকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আবেদন করেছিল এবং ইমরানের চিকিৎসা সরকারি হাসপাতালেই হওয়া উচিত বলে দাবি করেছিল।

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে এ বছরের শুরুতে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিভিন্ন দেশের সাবেক ১৪ জন আন্তর্জাতিক অধিনায়ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে খোলা চিঠিতে তারা ইমরানের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার প্রতি ''মর্যাদা ও মৌলিক মানবিক বিবেচনা' দেখানোর আহ্বান জানান। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার ও কপিল দেব।

২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি ইমরান। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় সাজা ভোগ করছেন তিনি, যেসব অভিযোগকে ইমরান ও তার দল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। তার স্বাস্থ্য নিয়ে চলমান বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে এই হাসপাতালে নেওয়া ও স্বাস্থ্য পরীক্ষা হলো।

আরো পড়ুন: