২০০৩ সালে সর্বশেষ সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। দীর্ঘ ২৪ বছর পর ২০২৭ আসরটি আবারও বসছে আফ্রিকার মাটিতে। এবার সাউথ আফ্রিকার সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকবে জিম্বাবুয়ে ও নামিবিয়া।
স্মিথ বলেন, 'আফ্রিকা বা সাউথ আফ্রিকায় আবার পুরুষদের বিশ্বকাপ ফিরতে অনেক সময় লেগেছে। এই তিন দেশের প্রাণচাঞ্চল্য, ক্রিকেটারদের মান এবং সমর্থকদের আবেগ এমন একটি আসরের যোগ্য। তাই বিশ্বকাপ আবার এখানে ফিরছে, এটা দারুণ ব্যাপার।'
২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল, যা আগের দুই আসরের ১০ দলের ফরম্যাট থেকে বড় পরিবর্তন। স্মিথ মনে করেন, দল বাড়ানো আন্তর্জাতিক ক্রিকেটের প্রসারেরই প্রতিফলন এবং এতে আরও বেশি দেশ নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাবে।
তিনি বলেন, 'গত কয়েক বছরে সমর্থকসংখ্যা এবং প্রতিযোগিতা দুই-ই অনেক বেড়েছে। আমরা চাই ক্রিকেট আরও বিস্তৃত হোক। বেশি দল সুযোগ পেলে খেলাটাও আরও ছড়িয়ে পড়বে।'
বিশ্বকাপের মর্যাদা নিয়েও নিজের মত তুলে ধরেন সাবেক এই অধিনায়ক। তার মতে, চার বছর পরপর হওয়া এই টুর্নামেন্টের গুরুত্ব অন্য যেকোনো বৈশ্বিক ক্রিকেট আসরের চেয়ে আলাদা।
স্মিথ বলেন, 'সম্প্রতি আমরা ফুটবল বিশ্বকাপে দেখেছি কত দেশ অংশ নিয়েছে, কত সংস্কৃতির মানুষের মিলন হয়েছে। ১৪টি দল নিয়ে ক্রিকেট বিশ্বকাপেও আশা করি বিশ্বের নানা প্রান্ত থেকে সমর্থকরা সাউথ আফ্রিকায় আসবেন। বিশ্বকাপই এমন একটি শিরোপা, যেটি সবাই জিততে চায়। এর ঐতিহ্য ও মর্যাদা আলাদা। আমার বিশ্বাস, এবারও বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা ও সমর্থকদের উন্মাদনা দারুণ হবে।'
আগামী বছরের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার ৮টি, জিম্বাবুয়ের ৩টি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে। ১৯৯৬ ও ২০০৩ সালের পর এটি হবে তৃতীয়বারের মতো তিনটি দেশ মিলে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের ঘটনা।