ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে যাত্রা শুরু হয়েছে ব্রায়ান লারা স্টেডিয়ামে। গত সপ্তাহে মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। টেস্ট শুরুর আগে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
টস জিতে ব্যাটিং নিলেও সকালে বাড়তি সুবিধা পেয়েছে পাকিস্তান। উইকেট থেকে মুভমেন্ট আদায় করে নিয়ে ক্যারিবীয় ব্যাটারদের চেপে ধরেন মোহাম্মদ আব্বাস-খুররম শাহজাদরা। উইকেট পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ইনিংসের নবম ওভারে আব্বাসের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে ইনসাইড এজে বোল্ড হয়েছেন কিং।
২৯ বলে ১২ রান করে ফিরতে হয় তাকে। দ্বিতীয় উইকেটে অবশ্য ৫১ রানের জুটি গড়েন চন্দরপল ও হজ। তারা দুজনে মিলে শুরুর ধাক্কা সামাল দেন। উইকেটে লম্বা সময় টিকে থাকলেও দলের রান বাড়াতে পারেননি চন্দরপল। বাঁহাতি ওপেনারকে ফিরিয়ে জুটি ভাঙেন আমির জামাল।
ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খেলার চেষ্টায় দ্বিতীয় স্লিপে থাকা সালমান আলীর হাতে ক্যাচ দিয়েছেন। ৭৭ বল খেলা চন্দরপল ফেরেন ২১ রানে। আমির জাঙ্গুও ভালো শুরু পেয়েছিলেন। যদিও ইনিংস বড় করতে পারেননি তিনি। আব্বাসের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন জাঙ্গু। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে তাকে ফেরায় পাকিস্তান।
দিনের বাকিটা সময় কাটিয়েছেন হজ ও হোপ। দুজনে মিলে পাকিস্তানের বোলারদের চ্যালেঞ্জ সামলেছেন দারুণভাবে। ৮৬ বলে হাফ সেঞ্চুরি করা হজ দিনশেষে অপরাজিত ৮৩ রানে। তাকে সঙ্গ দেওয়া হোপ অপরাজিত আছেন ৯১ বলে ৩৯ রান করে। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৬৭ ওভার। অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামবেন তারা দুজন।