আফগানিস্তানের ওয়ানডে দলে নেই নবি

আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন আগেই শাপাজিগা ক্রিকেট লিগে আইনাক নাইটসের হয়ে খেলেছেন মোহাম্মদ নবি। বর্তমানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন গ্লোবাল সুপার লিগে (জিএসএল)। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আফগানিস্তানের দলে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডারকে।

জুনে ভারতের মাটিতে হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন নবি। দুই ম্যাচ খেলা তারকা অলরাউন্ডার এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন মাত্র ৩০ রান। এমন পারফরম্যান্সের পর সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনি। তবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে নাকি পারফরম্যান্সের জন্য বাদ দেওয়া হয়েছে সেটা খোলাসা করেনি আফগানিস্তান।

সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফরিদ মালিক ও বিলাল সামি। যদিও দুজনই রিজার্ভ দলে রয়েছেন। আয়ারল্যান্ড সিরিজের দলে ফেরানো হয়েছে ফজলহক ফারুকী ও ইয়ামিন আহমদজাইকে। সবশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন ফারুকী। গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় দলের হয়ে ৫০ ওভারের ম্যাচ খেলা হয়নি বাঁহাতি এই পেসারের।

লম্বা সময় পর আফগানিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন ইয়ামিনও। শাপাজিগা টুর্নামেন্টে ভালো করার সুবাদে ফেরানো হয়েছে ৩৩ বছর বয়সী এই পেসারকে। ২০২২ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন ইয়ামিন। অর্থাৎ প্রায় চার বছর পর জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাচ্ছেন তিনি।

কদিন আগেই আফগানিস্তানের টেস্ট এবং ওয়ানডে দলের দায়িত্ব ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রহমত শাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে সফর দিয়ে নেতৃত্বের শুরুটা হচ্ছে তার। ৫ আগষ্ট প্রথম ম্যাচ খেলবে তারা। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৫ আগষ্ট। প্রথম দুই ওয়ানডে ব্রেডিতে এবং বাকি তিনটা হবে বেলফাস্টে।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড— রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, হাশমতউল্লাহ শহীদি, ডারউইশ রাসূলি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরামআলি খিল, নাঙ্গেয়াল খারোতি, রশিদ খান, মোহাম্মদ গাজানফার, ইয়ামিন আহমদজাই, সালিম সাফি, ফজলহক ফারুকী এবং জিয়া উর রহমান শারিফী।

রিজার্ভ— কাইস আহমদ, ফরিদ মালিক, বিলাল সামি এবং বাশির আহমদ।

আরো পড়ুন: