আইয়ারের নেতৃত্বে অবশ্য প্রত্যাশিত ফল পায়নি ভারত। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে দলটি। ২০১৯ সালের পর এই প্রথম টানা দুটি সিরিজ হারে ভারত। ফলে সূর্যকুমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অবশ্য তার জন্য জাতীয় দলের দরজা বন্ধ করেনি। বোর্ডের এক কর্মকর্তা একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘সূর্যকুমারের জন্য দরজা খোলা। এই মুহূর্তের পরিকল্পনায় ও নেই ঠিকই। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করতে পারলে আবার জাতীয় দলে ফিরতে পারে।’
ওই কর্মকর্তা আরও জানান, দীর্ঘ সময় ধরে চেনা ছন্দে না থাকায় আপাতত সূর্যকুমারকে দলের বাইরে রাখা হয়েছে। গত বছরে ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে একবারও ফিফটি করতে পারেননি সূর্যকুমার।
তবে চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের তিনটিতে হাফ সেঞ্চুরি করে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেও অপরাজিত ৮৪ রানের ইনিংস খেললেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।
পুরো প্রতিযোগিতায় তার সংগ্রহ ছিল ১৫৮ রান। এরপর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ ইনিংসে ২৭০ রান করেন সূর্যকুমার।