নেদারল্যান্ডসের পরার্শক বোথা

নেদারল্যান্ডস ক্রিকেট
জোহান বোথা, ফাইল ফটো
জোহান বোথা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সামনে রেখে নেদারল্যান্ডস দলের কোচিং স্টাফে পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন সাবেক সাউথ আফ্রিকা অলরাউন্ডার জোহান বোথা। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার রাজ্য দল কুইন্সল্যান্ড এবং বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল ব্রিসবেন হিটের প্রধান কোচের পদ ছাড়েন তিনি। এর আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের সাথে কাজ করলেও জাতীয় দলের সাথে বোথার এটিই প্রথম অ্যাসাইনমেন্ট।

এ তথ্য নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (কেএনসিবি)। ৪৪ বছর বয়সী বোথা চলতি মাসে উট্রেখটে অনুষ্ঠিতব্য নেপাল ও নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপ লিগ-২-এর ত্রিদেশীয় সিরিজে ডাচ দলের সঙ্গে কাজ করবেন। ২১ থেকে ৩১ জুলাই পর্যন্ত কামপং ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হবে ছয় ম্যাচের এই সিরিজ।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বোথা বলেন, 'বিশ্বকাপ লিগ-২-এর এই গুরুত্বপূর্ণ সময়ে নেদারল্যান্ডস দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। গত কয়েক বছর ধরে দলটির উন্নতি আমি অনুসরণ করেছি। খেলোয়াড়, কোচিং স্টাফ ও দলের অন্য সদস্যদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।'

২০০৫ থেকে ২০১২ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচটি টেস্ট, ৭৮টি ওয়ানডে ও ৪০টি টি-টোয়েন্টি খেলেছেন বোথা। আন্তর্জাতিক ক্যারিয়ারে সীমিত ওভারের দুই সংস্করণেই প্রোটিয়াদের নেতৃত্বও দিয়েছেন তিনি।

অবসরের পর কোচিংয়ে সফল ক্যারিয়ার গড়েছেন বোথা। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বিগ ব্যাশ লিগ (বিবিএল), মেজর লিগ ক্রিকেট (এমএলসি), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ক্রিকেটে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

কেএনসিবির হাই পারফরম্যান্স বোর্ডের সদস্য সাইব্রান্ড এঙ্গেলব্রেখট বোথাকে স্বাগত জানিয়ে বলেন, 'জোহানকে দলে পেয়ে আমরা খুবই আনন্দিত। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ ও ঘরোয়া ক্রিকেটে কাজ করার মাধ্যমে তিনি বিশাল কোচিং অভিজ্ঞতা অর্জন করেছেন।'

বিশ্বকাপ লিগ-২-এর এই পর্বে নেদারল্যান্ডস, নামিবিয়া ও নেপাল প্রত্যেক দল চারটি করে ম্যাচ খেলবে। ৯ জুলাইয়ের পর এই সিরিজের জন্য দল ঘোষণা করবে নেদারল্যান্ডস।

আরো পড়ুন: