ইংল্যান্ডের নতুন অধিনায়ক ইস্যুতে নিজের পছন্দের নাম জানালেন মরগান

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
ইয়ন মরগান, ফাইল ফটো
ইয়ন মরগান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বেন স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ইংল্যান্ডের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন এ নিয়ে আলোচনা তুঙ্গে। দলে থাকা সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার জো রুট স্টোকসের অনুপস্থিতিতে সবশেষ সিরিজেও ইংল্যান্ডকে নেতৃত্ব দিলেও দীর্ঘমেয়াদে তাকে অধিনায়ক ভাবছেন না ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক ইয়ন মরগানের মতে, হ্যারি ব্রুকই এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে উপযুক্ত প্রার্থী।

নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্ট শেষে স্টোকস আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এরপরই নতুন অধিনায়ক নিয়ে নিজের পছন্দের কথা জানান মরগান। প্রয়োজনে সাদা বলের অধিনায়কত্ব থেকে ব্রুককে সরিয়ে দিয়ে লাল বলের দায়িত্ব তার হাতে তুলে দেবার পরামর্শ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

স্কাই স্পোর্টস ক্রিকেটকে তিনি বলেন, 'আমার মনে হয় ড্রেসিংরুমে কার্যত একজনই প্রার্থী আছে, সে হলো হ্যারি ব্রুক। অবশ্য যদি তারা আবার জো রুটের কাছে ফিরে যেতে চায়, সেটা ভিন্ন বিষয়। তবে আমার কাছে ব্রুকই সবচেয়ে এগিয়ে।'

বর্তমানে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কও ব্রুক। তবে মরগানের মতে, টেস্ট দলের নেতৃত্ব দিলে তাকে সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে।

মরগান যোগ করেন, 'আমি সাদা বলের অধিনায়কত্বের জন্য অন্য কাউকে ভাবব। এই সংস্করণে আমাদের আরও বিকল্প রয়েছে। ফিল সল্ট, স্যাম কারান কিংবা উইল জ্যাকসের মতো ক্রিকেটারদের বিবেচনা করা যেতে পারে'

ট্রেন্ট ব্রিজ টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শেষ দিকে স্টোকসের অবসরের ঘোষণা আসে। ম্যাচে জয়ের জন্য ৩৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড চমক দেখিয়ে স্টোকসকে ওপেনিংয়ে পাঠায়। বিদায়ী ম্যাচে ২০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেললেও ইংল্যান্ড শেষ পর্যন্ত ১৬০ রানে হেরে সিরিজ ২-১ ব্যবধানে হারে।

মরগান বলেন, 'এই সিদ্ধান্তে আমি কিছুটা বিস্মিত হয়েছিলাম। এটা আমি একেবারেই আশা করিনি। বেনকে অনেক বছর ধরে চিনি। আমি জানি, সে হয়তো ভেবেছিল নিজের ক্যারিয়ারটা দারুণ এক ইনিংস দিয়ে শেষ করবে। তার বিশ্বাস ছিল, ওপেনিংয়ে নেমে ম্যাচের গতিপথ বদলে দিতে পারবে। কিন্তু আমার মনে হয়েছে, এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন ছিল না।'

মরগান যোগ করেন, 'পরদিন সকালে বেনকে নেমে রান তাড়ার নেতৃত্ব দেওয়ার মতো পরিস্থিতিই তৈরি ছিল। কিন্তু সিদ্ধান্তটা অনেকটাই জোর করে নেয়া হয়েছে বলে মনে হয়েছে। এতে অনেকের মনেই খারাপ প্রভাব পড়েছে।'

মরগানের মতে, শেষ কয়েক বছরে ইংল্যান্ড যে ইতিবাচক ও আক্রমণাত্মক টেস্ট ক্রিকেট খেলেছে, শেষ ম্যাচের কিছু সিদ্ধান্ত সেই অর্জনকে কিছুটা ম্লান করে দিয়েছে।

মরগান বলেন, 'অল্প সময়ের মধ্যেই এমন কিছু শট ও সিদ্ধান্ত দেখা গেছে, যা উচ্চমানের ব্যাটারদের কাছ থেকে আশা করা যায় না। এটা দেখা সত্যিই হতাশাজনক ছিল। আমার মনে হয়, এতে তাদের গত কয়েক বছরের অর্জনের ওপর কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়েছে। বেন নিজেও নিশ্চয়ই এ নিয়ে হতাশ থাকবে, কারণ এখন আর সে দলের সঙ্গে থেকে পরিস্থিতি বদলানোর সুযোগ পাবে না।'

আরো পড়ুন: