‘বাবর কখনোই বিগ হিটার হতে পারবেন না’

পাকিস্তান ক্রিকেট
বাবর আজম, ফাইল ফটো
বাবর আজম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাবর আজমকে জোর করে 'বিগ-হিটার' বা আগ্রাসী ব্যাটার বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। তার মতে, বাবরের স্বাভাবিক ব্যাটিংয়ের ধরন ভিন্ন। তাই তাকে অন্য ধরনের ক্রিকেট খেলতে বাধ্য করার চেষ্টা সফল হবে না।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের ব্যাটিংয়ের গতি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। অনেকেরই মত, দলকে আরও দ্রুত সূচনা এনে দিতে তাঁর আক্রমণাত্মক হওয়া প্রয়োজন। তবে সেই ধারণার সঙ্গে একমত নন সালমান। তিনি মনে করেন, প্রত্যেক ব্যাটারের নিজস্ব শক্তির জায়গা থাকে এবং বাবরের ক্ষেত্রেও সেটিই বিবেচনায় রাখা উচিত।

সালমান বাট বলেন, 'বাবর আজমকে বিগ হিটার (বড় শট খেলা ব্যাটার) বানানোর চেষ্টা চলছে। কিন্তু তিনি কখনোই সে ধরনের ব্যাটার হতে পারবেন না।'

যদিও ব্যাটিংয়ের গতি নিয়ে সমালোচনা থামেনি, তবু সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বাবর। শেষবারের পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১১ ম্যাচে ৫৮৮ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। দুটি শতক ও তিনটি অর্ধশতকও আসে তাঁর ব্যাট থেকে।

ঘরোয়া প্রতিযোগিতার সেই ছন্দ আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখেন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে করেন ১১৫ রান। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের এক দিনের সিরিজে আরও ১২৫ রান যোগ করেন নিজের নামের পাশে।

আগামী জুলাই-আগস্টে ত্রিনিদাদ ও টোবাগোতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি পাঁচ দিনের ম্যাচ খেলবে পাকিস্তান। সেই সফরে আবারও দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা থাকবেন বাবর।

আরো পড়ুন: