আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে ডাক পান বৈভব। ১৬ ইনিংসে ৭৭৬ রান করে আসরসেরা হওয়ার পাশাপাশি নিজের ব্যাটিং দিয়ে নির্বাচকদের মুগ্ধ করেছিলেন তিনি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে এখনও অভিষেকের সুযোগ মেলেনি তার।
রায়ান টেন ডাসকেট বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য বৈভব পুরোপুরি প্রস্তুত, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তবে তাই বলে সাঞ্জু স্যামসনের মতো একজনকে এখনই বাদ দেয়ার প্রশ্ন আসে না। কয়েক মাস আগেই বিশ্বকাপ জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল, আইপিএলেও সে দুর্দান্ত খেলেছে।'
তিনি আরও বলেন, 'দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস দেয়া এবং তাদের প্রতি আস্থা দেখানো খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই ক্রিকেটাররা যথেষ্ট সময় পাক। বৈভব যতই প্রস্তুত থাকুক, তাকে অন্য সবার মতো একই প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোতে হবে। নিজের সময়ের জন্য অপেক্ষা করতে হবে।'
টিম ম্যানেজমেন্টের ভাবনাতেও সেই ইঙ্গিত মিলছে। বৈভবের অভিষেক তার নিজের সামর্থ্যের চেয়ে বর্তমান ওপরের সারির ব্যাটারদের পারফরম্যান্সের ওপরই বেশি নির্ভর করছে। আয়ারল্যান্ড সফরে দলে ভারসাম্যের প্রয়োজন হলেও তাকে নিয়ে কোনো ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয়নি ভারত।
এই মুহূর্তে বৈভব শুধু টি-টোয়েন্টি দলের সদস্য। ওয়ানডে দলে তাকে রাখা হয়নি। তবে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের বিশ ওভারের সিরিজ এবং এশিয়ান গেমসে ভারতের দলে জায়গা হয়েছে তার। সেখানে সুযোগ এলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষার অবসান হতে পারে।