নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার, নতুন অধিনায়ক খুঁজছে ভারত

ভারত ক্রিকেট
সূর্যকুমার যাদব, ফাইল ফটো
সূর্যকুমার যাদব, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাত্র কয়েক মাস আগেও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন সূর্যকুমার যাদব। অধিনায়ক হিসেবে দলকে শিরোপা এনে দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

ভারতীয় গণমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরকে সামনে রেখে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তন আনার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই পরিকল্পনার অংশ হিসেবে সূর্যকুমার যাদবকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে আসন্ন সিরিজে তার দলে থাকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা গেছে, বোর্ড, নির্বাচক কমিটি এবং দলের ব্যবস্থাপনা যৌথভাবে ভবিষ্যতের জন্য নতুন নেতৃত্ব কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও আলোচনা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্তের পথে হাঁটছে সংশ্লিষ্টরা।

বোর্ডের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সূর্যকুমারের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতলেও ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নতুন অধিনায়কের দিকে ঝুঁকছে বিসিসিআই। তাদের বিশ্বাস, টি-টোয়েন্টি দলের জন্য এখন নতুন দিকনির্দেশনা প্রয়োজন।

মূলত ব্যাট হাতে ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণ করতে না পারাই সূর্যকুমারের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গত দুই বছর ধরেই তার পারফরম্যান্স ওঠানামার মধ্যে ছিল। ২০২৬ সালের আইপিএলেও তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১৩ ইনিংসে ২৭০ রান করলেও তার গড় ছিল মাত্র ২০.৭৬। মৌসুমের শেষ দিকে একটি অর্ধশতক পেলেও সামগ্রিকভাবে তিনি ছিলেন ছন্দহীন।

২০২৪ সালে রোহিত শর্মার অবসরের পর ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান সূর্যকুমার। তার অধিনায়কত্বেই ভারত তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। তবে দলগত সাফল্যের মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থামেনি।

বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমার বলেছিলেন, অধিনায়ক হওয়ার পর নিজের ব্যাটিংয়ের চেয়ে দলের সামগ্রিক সাফল্যের দিকেই বেশি মনোযোগ দিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তিগত ব্যর্থতা আর আড়ালে থাকেনি। ফলে নেতৃত্ব ও দলগঠন নিয়ে নতুন অধ্যায়ের দিকে এগোতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট।

আরো পড়ুন: