স্পিনার আবরার গত কয়েকটি সিরিজে ভালো ফর্মের স্বীকৃতি পেয়েছেন । রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি ম্যাচেই দুইটি করে উইকেট নেওয়ার সুবাদে তিনি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। ৬৩৩ রেটিং পয়েন্ট নিয়ে এটি তার ক্যারিয়ারের সেরা অবস্থান ও সর্বোচ্চ রেটিং।
তার সতীর্থ পেসার আফ্রিদিও চার ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। সিরিজে চার উইকেট নেওয়ার সুফল পেয়েছেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস দুই ম্যাচে মোট ছয় উইকেট শিকার করে ২৪ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।
ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ ৪৩ ও ৬১ রানের দুটি কার্যকর ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে ১০০'র বেশি ধাপ এগিয়ে ৭৮তম স্থানে উঠে এসেছেন। এছাড়া জশ ইংলিস তিন ধাপ এগিয়ে ৫৭তম এবং ক্যামেরন গ্রিন পাঁচ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে পৌঁছেছেন।
তবে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা শীর্ষ দশ থেকে ছিটকে গেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে মোট ১৩ রান করেছেন এই ব্যাটার। আর তাতে পাঁচ ধাপ পিছিয়ে বর্তমানে ১৪তম স্থানে রয়েছেন তিনি।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটারও টেস্ট র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্রথমবারের মতো টেস্ট ব্যাটারদের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। বর্তমানে নবম স্থানে থাকা রাচিনের রেটিং পয়েন্ট ৭৩৭।
একই ম্যাচে ১৮৬ রানের ইনিংস খেলা টম ব্লান্ডেলও লাভবান হয়েছেন। তিনি আট ধাপ এগিয়ে ৪০তম স্থানে উঠে এসেছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের পেসার মার্ক অ্যাডেয়ার আবারও তালিকায় ফিরে এসে ২৪তম স্থানে জায়গা করে নিয়েছেন। নিউজিল্যান্ডের নাথান স্মিথ ২৪ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে পৌঁছেছেন, আর তার স্বদেশি ব্লেয়ার টিকনার নয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪তম স্থানে।