এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের কোচিং কাঠামোর সঙ্গে যুক্ত ছিলেন বাহুতুলে। খেলোয়াড়ি জীবনে ভারতের হয়ে দুটি পাঁচ দিনের ও আটটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া আইপিএলে পাঞ্জাব কিংসের কোচিং দলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন এই ৫৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার।
দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে সফল অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন বাহুতুলে। এই সময়ে তিনি ৬৩০টি উইকেট শিকার করার পাশাপাশি ৬ হাজার ১৭৬ রানও করেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবে পথচলা শুরু করে ধীরে ধীরে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।
রাজ্যের বিভিন্ন দলের প্রধান প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন বাহুতুলে। বিদর্ভ, কেরালা, গুজরাট ও বাংলা দলের দায়িত্ব সামলানোর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও স্পিন বোলিং প্রশিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
তরুণ ক্রিকেটার গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাহুতুলে। ২০২২ সালে বিশ্বজয়ী ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ ছিলেন তিনি। পরবর্তী আসরেও সহায়ক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে বয়সভিত্তিক ক্রিকেটে নিজের অবদান অব্যাহত রাখেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় বাহুতুলে বলেন, 'ভারতীয় পুরুষ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। একজন খেলোয়াড় হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করা ছিল গর্বের বিষয়। কোচ হিসেবে আবারও ভারতীয় ক্রিকেটে অবদান রাখার সুযোগ পাওয়া বিশেষ অনুভূতি।'
জাতীয় দলের সঙ্গে বাহুতুলের প্রথম দায়িত্ব শুরু হবে আগামী ৬ জুন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র পাঁচ দিনের ম্যাচে তিনি দলের সঙ্গে কাজ করবেন। সেখানে উদীয়মান স্পিনার মানব সুথার ও হার্ষ দুবের মতো তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাবেন নতুন এই কোচ।