টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় সাউথ আফ্রিকা। শুরুতে কিছুটা চাপে থাকলেও ওপেনার ডেভন কনওয়ের দায়িত্বশীল ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করায় কিউইরা।
কনওয়ে ৪৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করেন। তাকে সহায়তা করেন নিক কেলি (২১), মিচেল সান্টনার (২০)। শেষদিকে কোল ম্যাকঞ্চি অপরাজিত ১৮ এবং জশ ক্লার্কসন ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।
বল হাতে সাউথ আফ্রিকার হয়ে উইয়ান মুল্ডার দুটি উইকেট নেন। তবে অন্য বোলাররা রান আটকাতে তেমন কার্যকর হতে পারেননি, যার ফলে বড় সংগ্রহ গড়ে তোলে নিউজিল্যান্ড।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সাউথ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫.৩ ওভারে ১০৭ রানেই গুটিয়ে যায় তারা, ফলে সহজ জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।
দলের পক্ষে একমাত্র লড়াই করেন জর্জ লিন্ডে। তিনি ১২ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৩৩ রান করেন। বল হাতে লকি ফার্গুসন ও বেন সিয়ার্স নেন তিনটি করে উইকেট, আর সান্টনার শিকার করেন দুটি উইকেট।
প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানে গুটিয়ে দিয়ে সাত উইকেটের বড় জয় তুলে নিয়েছিল সাউথ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে প্রতিশোধ নিলো কিউইরা।