বিশ্বকাপ থেকে বাদ পড়ে অধিনায়কত্ব হারালেন রশিদ

আফগানিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠলেও চলমান বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান। এমন পারফরম্যান্সের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে রশিদ খানকে সরিয়ে দিয়েছে আফগানিস্তান। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইব্রাহিম জাদরানকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো যায়নি আফগানিস্তানের। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু হয় তাদের। দ্বিতীয় ম্যাচে অবশ্য জয়ের সুযোগ তৈরি করেছিলেন রশিদরা। তবে ডাবল সুপার ওভারে গিয়ে সাউথ আফ্রিকার সঙ্গে পেরে উঠতে পারেনি আফগানরা। যার ফলে শেষ দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও কানাডাকে হারালেও বিশ্বকাপের সুপার এইটে উঠতে পারেনি তারা।

এমন পারফরম্যান্সের পর থেকেই গুঞ্জন ছিল টি-টোয়েন্টির অধিনায়কত্বে পরিবর্তন আনতে পারে আফগানিস্তান। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের আগে রশিদকে সরিয়ে ইব্রাহিমকে দায়িত্ব দিয়েছে এসিবি। অধিনায়ক হওয়ার আগে ইব্রাহিম টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন। শ্রীলঙ্কা সিরিজ থেকেই দায়িত্ব বুঝে নেবেন ডানহাতি এই ওপেনার।

অধিনায়ক পরিবর্তনের পাশাপাশি স্কোয়াডেও বদল এনেছে আফগানিস্তান। শ্রীলঙ্কা সিরিজের দলে সুযোগ মেলেনি ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব এবং মোহাম্মদ ইসাকের। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও রাখা হয়নি তাদের। টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে টপ অর্ডার ব্যাটার নূর রহমান, বাঁহাতি স্পিনার শরাফউদ্দিন ও বাঁহাতি পেসার ফরিদ আহমদকে। ওয়ানডে দলে ফিরেছেন ফরিদ মালিক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ খেলা জিয়া উর রহমান প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন। জনাথন ট্রটের বিদায়ের পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে কাজ শুরু করবেন প্রধান কোচ রিচার্ড পাইবাস। ১৩, ১৫ ও ১৭ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২০, ২২ এবং ২৫ মার্চ শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে খেলবে আফগানিস্তান।

টি-টোয়েন্টি স্কোয়াড— ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নূর রহমান, সেদিকউল্লাহ অটল, ডারউইশ রাসূলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফউদ্দিন আশরাফ, রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান, ফরিদ আহমদ মালিক এবং আব্দুল্লাহ আহমদজাই।

ওয়ানডে স্কোয়াড— হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলীখিল, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, ডারউইশ রাসূলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়াল খারোতি, মোহাম্মদ গাজানফার, জিয়া উর রহমান, ফরিদ মালিক এবং বিলাল সামি।

আরো পড়ুন: