টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব দিচ্ছি না, এটা পুরোপুরি মিথ্যা: ম্যাকডোনাল্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ
অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো
অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সুপার এইটে পৌঁছার আশা শেষ হয়ে গেছে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এমন ফলাফলে আলোচনায় উঠে এসেছে, তারা এই আসরকে যথেষ্ট গুরুত্ব দেয় কিনা তা নিয়ে।

সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের একাংশের মতে, অস্ট্রেলিয়া সত্যিই টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিশেষ পাত্তা দেয় না। সমালোচনা উঠেছে তাদের পারফরম্যান্স নিয়েও, তবে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এ ধরনের ধারণা সরাসরি উড়িয়ে দিয়েছেন।

ম্যাকডোনাল্ড বলেন, 'অনেকটা সময় ধরেই এই বিশ্বকাপে বুঁদ ছিলাম আমরা। আমাদের অগ্রাধিকারগুলোর একটি ছিল এটি। এই ধরনের আখ্যান আমিও শুনেছি যে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে আমরা পাত্তা দেই না। আমার মনে হয়, এই আসরগুলোতে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স থেকেই এসবের জন্ম হয়েছে।'

তিনি আরো উল্লেখ করেন, '২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আমরা জিতেছি এবং পরের আসরগুলোয় সফল হতে পারিনি। অস্ট্রেলিয়ান ক্রিকেটে প্রত্যাশা সবসময়ই অনেক উঁচুতে এবং তা সঠিকভাবেই। তবে আমরা অন্য সংস্করণ বা অন্য টুর্নামেন্টগুলোকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপকে দিচ্ছি না, এসব ধারণা পুরোপুরি মিথ্যে।'

অস্ট্রেলিয়ার দল এবার চোট-জর্জর ছিল। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের মতো মূল পেসাররা অনুপস্থিত ছিলেন, প্রথম দুই ম্যাচে অধিনায়ক মিচেল মার্শ খেলতে পারেননি।

কোচ ম্যাকডোনাল্ড বলেন, 'কোন ক্রিকেটারদের আমরা পাইনি, সেটা কখনোই আলোচনায় থাকা উচিত নয়। বরং তাকানো উচিত পারফরম্যান্সের দিকে এবং সেখানে আমরা হতাশ। সমালোচনাগুলো ন্যায্য ও যৌক্তিক।'

তিনি আরো বলেন, 'মূল ব্যাপার হলো, আমাদের অনেক ক্রিকেটার একসঙ্গে পারফর্ম করতে পারেনি। এই দলের জন্য যা বিরল ব্যাপার। পেছন ফিরে তাকালে সবসময়ই অন্তত দুজন দাঁড়িয়ে যেত ব্যাট হাতে, যা আমাদেরকে ভালো সংগ্রহ এনে দিত। এবার তা হয়নি।'

আজ শুক্রবার ওমানের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের মাধ্যমে এবারের বিশ্বকাপের তাদের যাত্রা শেষ হবে।

আরো পড়ুন: